× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেরিটাইম সেক্টরকে কাজে লাগালে রিজার্ভ দাঁড়াতো ২০০ বিলিয়ন ডলার : নৌপ্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩৯ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

মেরিটাইম সেক্টরকে পুরোপুরি কাজে লাগাতে পারলে দেশের রিজার্ভ এখন ২০০ বিলিয়ন ডলার হতো বলে দাবি করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘মেরিটাইম সেক্টর অপার সম্ভাবনার এক বিরাট ক্ষেত্র। আমাদের বৈদেশিক মুদ্রার অনেকটা আসে মেরিটাইম সেক্টর থেকে। আমাদের মেরিন ক্যাডেট ও রেটিংসরা দেশি-বিদেশি জাহাজে চাকরি করে বিপুলসংখ্যক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। ২০৪১ সাল নাগাদ উন্নত ও স্মার্ট বাংলাদেশ তৈরিতে অর্থনীতির প্রধান হাতিয়ার হতে পারে মেরিটাইম সেক্টর। মেরিটাইম সেক্টরকে পুরোপরি কাজে লাগাতে পারলে আমাদের রিজার্ভ দাঁড়াতো দুইশত বিলিয়ন ডলার। কিন্তু সেটি আমরা পারিনি।’ 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) গাজীপুরের ছোটজয়নগরে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি পরিদর্শনকালে এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেরিটাইম ভিশনকে অনুসরণ করে নৌপরিবহন মন্ত্রণালয় উন্নয়নে কাজ করছে। বঙ্গবন্ধুই টেরিটোরিয়াল জোন এবং মেরিটাইম বাউন্ডরি অ্যাক্ট প্রণয়ন করেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মেরিটাইম সেক্টর অগ্রণী ভূমিকা পালন করতে পারে। বঙ্গবন্ধুকে হত‍্যার পর সবচেয়ে বেশি আঘাত আসে মেরিটাইম সেক্টরে। এ সেক্টর তেমন আগায়নি। 

প্রতিমন্ত্রী বলেন, ‘মেরিন ক্যাডেট তৈরির জন্য চট্টগ্রামে আমাদের মাত্র একটি মেরিন একাডেমি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নির্দেশনার ফলে রংপুর, পাবনা, সিলেট  এবং বরিশালে আরো চারটি নতুন মেরিন একাডেমি নির্মিত হয়েছে। সেখান থেকে অধিক সংখ্যক ক্যাডেট প্রতিবছর আমাদের মেরিন বহরকে সমৃদ্ধ করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে যা আমাদের অর্থনীতিতে অবদান রাখছে।’

তিনি জানান, জাহাজের রেটিং তৈরির জন্য চট্টগ্রামে দেশে একটি মাত্র মেরিটাইম ইন্সটিটিউট ছিল। ইতিমধ্যে মাদারীপুরে আরও একটি মেরিটাইম ইন্সটিটিউট নির্মাণ করা হয়েছে। আর কুড়িগ্রামে একটি মেরিটাইম ইন্সটিটিউট নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে করে দেশি-বিদেশি জাহাজে রেটিংদের চাকরির ক্ষেত্র আরও বৃদ্ধি পাবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে আরও সহায়ক হবে।

খালিদ মাহমুদ বলেন, বৈশ্বিক অর্থনীতির চলমান টালমাটাল অবস্থার মধ্যেও আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে। কোভিড সময়কাল ও বৈশ্বিক অস্থিরতার মধ্যেও আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে, যা বিশ্বের বিভিন্ন গবেষণা সংস্থার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশের কাতারে প্রবেশ করবে।  

এর আগে প্রতিমন্ত্রী একাডেমিতে একটি ‘স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকী, ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক চৌধুরী, একাডেমির কমান্ডেন্ট জাকী আহাদসহ ফ্যাকাল্টি মেম্বার্স, ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা