প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৩ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৮ পিএম
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ ভোট গ্রহণ চলছে (ফাইল ফটো)। ছবি : সংগৃহীত
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাসের জন্য ভোটাভুটির আয়োজন করে। এতে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।
এজন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘে মস্কোর স্থায়ী দূত ভ্যাসিলি নেবেনজিয়া।
তিনি এক টুইটবার্তায় বলেছেন, ‘রুশবিরোধী ওই রেজুলেশন বিশ্বকে ইউক্রেন সংঘাতের সমাপ্তির কাছাকাছি নিয়ে আসবে না। ধন্যবাদ বাংলাদেশ, ভোটদানে বিরত থাকার জন্য।’
বাংলাদেশে অবস্থিত রাশিয়ার দূতাবাস তাদের টুইট অ্যাকাউন্টে ভ্যাসিলি নেবেনজিয়ার ওই টুইটবার্তা শেয়ার করেছে।

উল্লেখ্য, জাতিসংঘের ওই প্রস্তাবে ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়।
প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৪১টি দেশ এবং বাংলাদেশসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল। স্বাভাবিকভাবেই রাশিয়াসহ তার সাতটি মিত্র দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়। জাতিসংঘের ভোটে যত তাড়াতাড়ি সম্ভব শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাবের বিরুদ্ধে রাশিয়া ছাড়াও ভোট দিয়েছে বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া ও সিরিয়া।
ভোটদানে বিরত দেশের তালিকায় বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, কিউবা, কঙ্গো, আর্মেনিয়া ও ভিয়েতনাম।
প্রস্তাবের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান প্রকাশ করেছে সাবেক সোভিয়েত রাশিয়াভুক্ত কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান।
দক্ষিণ এশিয়ার তিন দেশ আফগানিস্তান, নেপাল ও ভুটান প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের পর থেকে এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে আনা চারটি প্রস্তাবের একটিতে পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। বাকি সবকটিতেই ভোটদানে বিরত ছিল।
এদিকে ভিয়েনায় একটি ইউরোপীয় নিরাপত্তা সংস্থার সংসদীয় অধিবেশনে রাশিয়ার প্রতিনিধির ভাষণ চলাকালে বিপুলসংখ্যক প্রতিনিধি ওয়াকআউট করেছেন বলে জানা গেছে।