× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষা মন্ত্রণালয়

জাতীয়করণের ৫০ স্কুল-কলেজে ২৬৮৮ শিক্ষক-কর্মচারীর চাকরি সরকারি হচ্ছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৮ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয়করণ হওয়ার সাত বছর পর আরও ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৬৮৮ জন শিক্ষক-কর্মচারীর চাকরি সরকারিকরণ হচ্ছে। এরমধ্যে রয়েছে ২টি স্কুল ও ৪৮টি কলেজ। 

আগামী রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে অনুষ্ঠিতব্য প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এখানে অনুমোদনের পর প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে দেশের প্রতিটি উপজেলায় অন্তত একটি হাইস্কুল ও কলেজ জাতীয়করণ করার ঘোষণা দেন। এরপর ২০১৮ সালে ৩৫০টি হাইস্কুল ও ৩২৪টি কলেজকে জাতীয়করণের গেজেট জারি করে সরকার। কিন্তু এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি সরকারিকরণ করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। ফলে অনেকেই চাকরি সরকারি ছাড়াই এক বুক হতাশা নিয়ে অবসরে চলে গেছেন। তবে দীর্ঘ ৭ বছরে মাত্র ১০টি কলেজের শিক্ষক-কর্মচারীদের চাকরি সরকারিকরণ হয়েছে। অন্যদিকে অধিকাংশ হাইস্কুলের শিক্ষক-কর্মচারীর চাকরি এখনও সরকারি করা হয়নি। স্কুল-কলেজ সরকারি ঘোষণার পর এরই মধ্যে প্রায় ৭ হাজার শিক্ষক-র্কমচারী অবসরে চলে গেছেন। বর্তমানে যারা কর্মরত রয়েছেন, তারাও সরকারি সুবিধা পাচ্ছেন না। 

সূত্রে জানা যায়, র্দীর্ঘ প্রায় সাত বছর পর এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি সরকারি করা হচ্ছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পদ সৃষ্টির প্রস্তাবনা অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। ইতোমধ্যে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতি মিলেছে। প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির রবিবারের সভায় প্রস্তাবটি অনুমোদন হলে সারসংক্ষেপ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। অনুমোদন সাপেক্ষে চাকরি সরকারিকরণ-সংক্রান্ত গেজেট জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। 

এর আগে ৫ ফেব্রুয়ারি প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের লক্ষ্যে ৩ হাজার ৯১১টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়। এরপর আরও ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৬৮৮ জন শিক্ষক কর্মচারীর চাকরি সরকারিকরণ করছে সরকার। সরকারি হওয়া এসব প্রতিষ্ঠানের ডাটাবেজ করছে শিক্ষা মন্ত্রণালয়। 

প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সূত্র বলছে, মাহবুব হোসেন আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমান দায়িত্বে আসার পর এ কাজে গতি পেয়েছে। 

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ’জাতীয়করণকৃত কলেজের শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের কাজ অধিদপ্তর থেকে শেষ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর চাকরি সরকারিকরণের প্রস্তাব সচিব কমিটির অনুমোদনের অপেক্ষায় আছে। আশা করি, এখন নিয়মিত শিক্ষক-কর্মচারীদের চাকরি সরকারিকরণের গেজেট জারি হতে থাকবে।’ তিনি জানান, কলেজ জাতীয়করণের গেজেট যেদিন জারি হয়েছে, সেদিন পর্যন্ত যাদের বয়স ৫৯ বছর ছিল, তারা সবাই সরকারিকরণের সুবিধা পাবেন। রবিবারের প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়াধীন সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার পদটি গ্রেড-১-এ উন্নীত করণসহ ১৮টি প্রস্তাব উত্থাপন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা