প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫১ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৮ পিএম
আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বক্তব্য দিচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রবা ফটো
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি এবং মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, ’রমজানে দ্রব্যমূল্যেরে ঊর্ধ্বগতি ও পণ্যে ভেজালরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।’
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ’সভায় রমজানে পণ্যের সরবরাহ যেন ঠিক থাকে এবং সংকট না হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক সভা-সমাবেশে আত্মরক্ষার ক্ষেত্রে নিজেদের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কাজ যাতে আইনশৃঙ্খলা বাহিনী না করে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ’রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থাগুলো কত টাকার কার্যক্রম চালাচ্ছে, কত ব্যয় করছে, তাদের সকল আর্থিক কার্যক্রমের স্টেটমেন্ট চাওয়া হয়েছে। এ ছাড়া একুশে ফেব্রুয়ারি যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় এবং দূতাবাসের কর্মকর্তাদের সঠিক নিরাপত্তা দিতে কমিশনারকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, ’সাইবার অপরাধ নিয়ে সরকার উদ্বিগ্ন। এটিকে জবাবদিহিতার আওতায় আনতে চায় সরকার। এ ছাড়া দেশে ফেসবুক ও ইউটিউবের কান্ট্রি অফিস করার জন্য তাগিদ দেওয়া হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ’দেশে অফিস না থাকায় সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যে কারণে বিদেশে বসে উদ্দেশ্যমূলক রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। যারা বিদেশে বসে ইউটিউব, ফেসবুকে অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অফিস না থাকায় নিয়ন্ত্রণ করা যায় না। এজন্য দেশে দ্রুত অফিস স্থাপনের জন্য কূটনৈতিক তৎপরতার জোর চেষ্টা চালানো হবে।’
তিনি বলেন, ’গোয়েন্দা সংস্থা মাদক ক্রেতা, সেবনকারী ও বিক্রেতাদের তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এসব তালিকা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টরা কাজ করছেন।’
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক, জননিরাপত্তা সচিব আমিনুল ইসলাম খান, সুরক্ষা সচিব আব্দুল্লাহ মাসুদ চৌধুরী, পুলিশ প্রধান আব্দুল আল মামুন চৌধুরী এবং বিভিন্ন গোয়ন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।