× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড. ওয়াজেদ মিয়ার কর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে : স্পিকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪২ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৪ পিএম

‘বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রবা ফটো

‘বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রবা ফটো

দেশবরেণ্য বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু পরমানু বিজ্ঞানী পরিষদ ও ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্ম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও  ‘বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বইটির লেখক আসাদুজ্জামানকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। কারণ তিনি এমন একজন বিশিষ্ট মানুষ সম্পর্কে একটি তথ্যবহুল গ্রন্থ রচনা করেছেন। এই বইটির মাধ্যমে আমরা অনেক অজানা তথ্য জানতে পেরেছি। পীরগঞ্জের মানুষকে তিনি গর্বিত করেছেন। এমনকি বহির্বিশ্বের কাছেও তিনি বাংলাদেশকে গর্বিত করেছেন তার বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে।

তিনি বলেন, তিনি নিভৃত এক পল্লী থেকে উঠে এসেছেন নিজের যোগ্যতায়। পরবর্তী জীবনেও তিনি তার সেই বৈশিষ্ট ধরে রেখেছেন।

স্পিকার বলেন, ওয়াজেদ মিয়ার লেখা বিজ্ঞান গ্রন্থগুলো পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। পড়ালেখার পাশাপাশি রাজনীতির সঙ্গেও তার সুগভীর এক সম্পর্ক ছিল। ১৯৬১ সালে তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। সেখান থেকে বঙ্গবন্ধুর সঙ্গে তার ঘনিষ্ঠতা হলে তিনি বঙ্গবন্ধুর স্নেহে রাজনীতি শুরু করেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে বিয়ে করার মধ্য দিয়ে সেই পরিবারের সঙ্গে সম্পর্ক হলে তিনি তাদের পাশে সুখে দুঃখে ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি সেই পরিবারটিকে আগলে রাখেন।

তিনি বলেন, ড. ওয়াজেদ মিয়া ৭৫ পরবর্তী সময়ে কীভাবে তার পরিবারকে নিয়ে ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন সবই এই বইটিতে আছে। তিনি ব্যক্তি জীবনে কতটা নির্লোভ ও নিরহংকারী ছিলেন তা নতুন করে বলার কিছু নেই। ক্ষমতার খুব কাছাকাছি থেকেও তিনি ছিলেন সাদামাটা এক মানুষ।

প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, আমরা যাকে নিয়ে আলোচনা করছি তিনি দেশের প্রখ্যাত পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া।  ওয়াজেদ মিয়ার ওপর রচিত গ্রন্থটিতে শুধু ওয়াজেদ মিয়া নয়, দেশের ইতিহাসের অনেক কিছুই উঠে এসেছে। বঙ্গবন্ধুর পরিবারসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অনেক কিছু স্থান পেয়েছে।

বইটিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ড. ওয়াজেদ মিয়া শুধু একজন ভালো ছাত্র নয়, তিনি একজন আন্তর্জাতিক পর্যায়ের বিজ্ঞানী। দেশের শীর্ষ পরিবারে সঙ্গে তার আত্মীয়তা থাকার পরও তিনি স্বকীয়তা বজায় রেখেছেন। কখনো স্পটলাইটে আসেননি। অনেকেই যখন স্পট লাইটের দিকে ছোঁটে, তিনি তার উল্টো পথে হেঁটেছেন। সুযোগ ও ক্ষমতা থাকার পরও তিনি নির্লোভ ছিলেন, তার চরিত্রে সেই অনন্য বৈশিষ্ট্য ছিল।

তিনি আরও বলেন, ওয়াজেদ মিয়া ছাত্রজীবন থেকে রাজনীতিতে সক্রিয় থেকেছেন, কিন্তু নিজের জীবনে তিনি কখনো সেই প্রভাব ব্যবহার করেননি। জাতির জনকের জামাতা হয়েও তিনি সরকারের বড় কোনো পদপদবী গ্রহণ করেননি। কোনো সুবিধা নেননি। বরং এসব সুবিধা বা ক্ষমতাকে পাশ কাটিয়ে তিনি নিভৃতে গবেষণা করে গেছেন। যে কারণে তার লেখা দুটি বই আজ মহামূল্যবান গ্রন্থ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়।

টিভি টুডের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল বলেন, ড. ওয়াজেদ মিয়ার বহুমুখী প্রতিভার কথা আমরা জানি। তার মতো একজন গুণী মানুষকে নিয়ে একটি অনুষ্ঠানে সব আলোচনা সম্ভব নয়। তার লেখা বইগুলো পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। সব দিক থেকে এই মানুষটা ভীষণ রকম গুণী। ওয়াজেদ মিয়া আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর জামাতা বা বর্তমান প্রধানমন্ত্রীর স্বামী এসব বিষয় কখনো তার পরিচয়ের ওপর প্রভাব ফেলেনি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান ডা. অশোক কুমার পাল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পীরগঞ্জ সমিতির সভাপতি আ ন ম আল ফিরোজ।

আলোচক হিসেবে ভার্চুয়ালি অংশ নেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রাক্তন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ড. শহীদ হোসাইন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, পরমানু শক্তি কমিশনের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক ড. এ কে এম ফজলে কিবরিয়া, বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এফএম মিজানুর রহমান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুল ইসলাম, ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম ফরহাদুল কবির, ওয়াজেদ মিয়ার কর্মময় জীবনের উপর লিখিত গ্রন্থের লেখক ড. আসাদুজ্জামান ও গ্রন্থটির প্রকাশক আগামী প্রকাশনীর ওসমান গণি প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা