প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪১ পিএম
বৃহস্পতিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনারদের সঙ্গে ভূমি সচিব মোস্তাফিজুর রহমানের সমন্বয় সভা। সংগৃহীত ফটো
ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান বলেছেন, আগামী পহেলা বৈশাখ থেকে শতভাগ ‘অনলাইনে ভূমি উন্নয়ন কর’ আদায় শুরু হলে সরকারের রাজস্ব সংগ্রহ উল্লেখযোগ্য হারে বাড়বে। এ ছাড়া রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে পরীক্ষামূলকভাবে স্থাপিত নাগরিক ভূমিসেবা কেন্দ্র থেকে ভালো ফিডব্যাক (প্রতিক্রিয়া) পাওয়া যাচ্ছে। এ সেবা পর্যায়ক্রমে জেলা পর্যায়ে সম্প্রসারণ করা হবে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনারদের সঙ্গে সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। ভূমি সচিবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভূমি সচিব স্থানীয় পর্যায়ে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে উৎসাহ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিভাগীয় কমিশনারদের আহবান জানান। একই সঙ্গে মাঠ পর্যায়ে পুরাতন নামজারির ডাটা এন্ট্রির বিষয়েও দৃঢ় পদক্ষেপ নিতে কমিশনারদের নির্দেশ দেন।
গত ৮ সেপ্টেম্বর ২০২১ উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত শুধু অনলাইনেই ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ৩৭৫ কোটি টাকা। আগামী ১৪ এপ্রিল থেকে ম্যানুয়ালি (হাতে হাতে) ভূমি উন্নয়ন কর আদায় বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে ভূমি উন্নয়ন কর কেবল অনলাইনেই দেওয়া যাবে।