প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২২ ১৯:৪৮ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২২ ২৩:৪৭ পিএম
প্রশাসনে সরকারি কর্মকর্তাদের জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বাড়ানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বই কেনা প্রকল্পের ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা বাতিল করা হয়েছে। পরবর্তী অর্থবছরে লেখকের নামে নয়, বিষয়ভিত্তিক বই কেনা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম।
সোমবার (২৯ আগস্ট) সিনিয়র সচিব সাংবাদিকদের বলেন, ‘এই তালিকা বাতিল করা হয়েছে। নতুন তালিকা করার জন্য কমিটি করা হবে। তালিকা করা হবে নাকি হেডলাইনে করা হবে, সেটা মিটিং করে নির্ধারণ করা হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বিষয়ে কার্যক্রম না নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।’
সচিব বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে হয়তো হেড দিয়ে দেওয়া হবে, ইতিহাস, সাহিত্য, কবিতাÑএ রকম করে দেওয়া হবে। রুচিশীল বইয়ের জন্য ওরা ওদের মতো করে ফিলাপ করবে। হাজার হাজার বই। তালিকা করতে গেলে কারটা দেওয়া হবে বা হবে না, কোন প্রকাশকের যাবে কোন প্রকাশকের যাবে না--এটা একটা সেনসিটিভ বিষয়। একটা কমিটি গঠন করা হবে, কমিটি পর্যালোচনা করে সাজেস্ট করতে পারে।’
রবিবার সচিবালয়ে সাংবাদিকদের কেএম আলী আজম বলেছিলেন, অতিরিক্ত সচিবের ২৯টি বই থাকা তালিকা সোমবার পরীক্ষার পর সংশোধন কিংবা বাতিল করা হবে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার জন্য পাঠাগার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী চার বছর ছোট ছোট বরাদ্দ দিয়ে বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসক অফিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অফিসে পাঠাগার গড়ে তোলা হবে। এজন্য ১৪০০ বইয়ের একটি তালিকা প্রণয়ন করা হয়েছিল।
তিনি আরও বলেন, ‘এটি এমন নয় যে, এই ১৪০০ বই থেকেই বই কিনতে হবে। সেটির আলোকে বা বিবেচনায় রেখে বই কিনতে বলা হয়েছে। বই কিনতে উপজেলা পর্যায়ে দেড় লাখ, জেলা পর্যায়ে ২ লাখ এবং বিভাগীয় পর্যায়ে ৩ লাখ টাকা বরাদ্দ রয়েছে।’