প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৪ পিএম
মাধবকুণ্ড ইকোপার্কের মাস্টারপ্ল্যান অনুমোদন সংক্রান্ত সভা হয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে। প্রবা ফটো
বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণিদের সংরক্ষণের ব্যবস্থা রেখে মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড ইকোপার্কের মাস্টারপ্ল্যান অনুমোদন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় এই অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রণালয় জানায়, মাস্টারপ্ল্যানের আওতায় মাধবকুণ্ডে দর্শনার্থীদের জন্য ক্যাবল কার স্থাপন করা হবে। এছাড়াও জলপ্রপাত ফুট ট্রেইল, নৃতাত্ত্বিক জাদুঘর, মসজিদ, রেস্টুরেন্ট, কফি কর্নার, বিশ্রামের জায়গা ছাউনিসহ বসার স্থান এবং প্রধান পার্কিং এলাকায় ৫টি স্যুভেনির শপ নির্মাণ করা হবে। বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট, কেন্দ্রীয় বাস ও কার পার্কিং, চিলড্রেন’স কর্নার, হালকা যানবাহনের পার্কিং, প্রজাপতি পার্ক, এনরিচমেন্ট বাগান, বিদ্যমান স্থাপনার পুনর্বাসন করা হবে। পার্ক এলাকায় পানি সরবরাহ, পানি নিষ্কাশন ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ, সীমানা প্রাচীর, ব্যক্তি মালিকানাধীন ভূমিতে ইকো লজ, নিরাপত্তা চৌকি স্থাপন, জলপ্রপাত পর্যবেক্ষণ প্লাটফর্ম, ছড়ার পাশ দিয়ে সংরক্ষণমূলক, প্রাথমিক চিকিৎসা/জরুরি উদ্ধার কেন্দ্র স্থাপন করা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, পার্ক এলাকায় ইকোট্যুরিজম জোনটির আয়তন হবে ৩.৯৬ একর। বিদ্যমান ভূমির ব্যবহার ও ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে প্রস্তাবিত এলাকাকে ৩টি জোনে বিভক্ত করা হবে। মাধবকুন্ড ইকো-পার্ক এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই ব্যবস্থাপনা এবং চিত্তবিনোদনের সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে ইকো-ট্যুরিজমসহ সার্বিক উন্নয়নের জন্য মাস্টার প্ল্যানের অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, মাধবকুণ্ড এলাকার প্রকল্প কার্যক্রম সফলভাবে সমাপ্তির পর নিঃসন্দেহে দর্শনার্থীর সংখ্যা দিনে দিনে বাড়বে। বনায়ন কার্যক্রম, ভৌত অবকাঠামো নির্মাণ ও রাজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে দেশে ব্যাপক সম্পদ সৃষ্টি হবে।
মন্ত্রী বলেন, প্রস্তাবিত মাস্টারপ্লানে আউটডোর বিনোদনের জন্য ইকোপার্ক এলাকার বাহিরে ব্যক্তিগতভাবে ছোট রিসোর্ট, কটেজ, কনভেনশন হল বা মিটিং ফ্যাসিলিটি সম্পন্ন অবকাঠামো নির্মাণের জন্য একটি বর্ধিত ইকোট্যুরিজম জোনের প্রস্তাব করা হয়েছে, যা এই প্রকল্পে নতুন মাত্রা যোগ করছে। উক্ত বর্ধিত ইকোট্যুরিজম জোনের আয়তন হবে ৩৯১ একর।