প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৬ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২৬ পিএম
টিএসপি সার আনতে চুক্তিতে স্বাক্ষর করেন বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও জিসিটির জেনারেল ম্যানেজার মোহাম্মেদ রিধা ছালঘৌম। প্রবা ফটো
দেড় লাখ টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার আনতে তিউনিসিয়ার সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। চলতি বছরের বিভিন্ন সময়ে চাহিদা অনুযায়ী এসব সার আনা হবে। তবে সারের সুনির্দিষ্ট মূল্য সম্পর্কে জানা যায়নি। এদিকে ৪৫ হাজার টন ফসফরিক অ্যাসিড এবং রক ফসফেট কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ২০৭ কোটি ৫৬ লাখ টাকা।
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার তিউনিসিয়ার রাজধানী তিউনিসে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং তিউনিসিয়ান কেমিক্যাল গ্রুপের (জিসিটি) মধ্যে এ চুক্তি হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও জিসিটির জেনারেল ম্যানেজার মোহাম্মেদ রিধা ছালঘৌম। এ সময় কৃষি সচিব ওয়াহিদা আক্তার ও কৃষি মন্ত্রণালয়ের উপপ্রধান বদিউল আলম উপস্থিত ছিলেন।
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বছরে সাড়ে ৭ লাখ টন টিএসপি সারের চাহিদা রয়েছে। এর বিপরীতে মাত্র ১ লাখ টন দেশে উৎপাদন হয়। বাকিটা মরক্কো ও তিউনিসিয়া থেকে আমদানি করা হয়।
বিএডিসি ২০০৮ সাল থেকে জিটুজি ভিত্তিতে তিউনিসিয়া থেকে টিএসপি আমদানি করে আসছে সরকার। তিউনিসিয়ার টিএসপি সারের মান খুব ভালো এবং কৃষকের কাছে বেশ জনপ্রিয়।
একই দিন কৃষি সচিব ওয়াহিদা আক্তার তিউনিসিয়ার কৃষি, পানিসম্পদ ও মৎস্যমন্ত্রী আব্দেল মনাম বেলাতি এবং শিল্প, খনিজ ও বিদ্যুৎমন্ত্রী নেইলা নৌরিয়া গঙ্গির সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে তিউনিসিয়ার দুই মন্ত্রী বাংলাদেশের সঙ্গে কৃষি ও বাণিজ্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
এদিকে বুধবার (১৫ ফেব্রুয়ারি) ৪৫ হাজার টন ফসফরিক অ্যাসিড এবং রক ফসফেট কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে ২০ হাজার টন ফসফরিক অ্যাসিড এবং ২৫ হাজার টন রক ফসফেট। এতে ব্যয় হবে ২০৭ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ১৩৮ টাকা। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মাধ্যমে এ সার কেনা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা শেষে সিদ্ধান্তের বিষয়টি জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। এসিড