প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৬ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৯ পিএম
চলতি বছরে দেড় লাখ মেট্রিক টন টিএসপি সার আনতে তিউনিশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। প্রবা ফটো
চলতি বছরে দেড় লাখ মেট্রিক টন টিএসপি সার আনতে তিউনিশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) তিউনিশিয়ার রাজধানী তিউনিসে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং তিউনিশিয়ান কেমিক্যাল গ্রুপের (জিসিটি) মধ্যে এ চুক্তি সই হয়।
চুক্তিতে বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও জিসিটির জেনারেল ম্যানেজার মোহাম্মেদ রিধা ছালঘৌম স্বাক্ষর করেন। এসময় কৃষি সচিব ওয়াহিদা আক্তার ও কৃষি মন্ত্রণালয়ের উপপ্রধান বদিউল আলম উপস্থিত ছিলেন।
২০০৮ সাল থেকে বিএডিসি জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) ভিত্তিতে তিউনিশিয়া থেকে টিএসপি আমদানি করে আসছে। তিউনিশিয়ার টিএসপি সারের মান অনেক উন্নত ও কৃষকের কাছে বেশ জনপ্রিয়।
একইদিন কৃষি সচিব ওয়াহিদা আক্তার তিউনিশিয়ার কৃষি, পানিসম্পদ ও মৎস্য মন্ত্রী আব্দেল মনাম বেলাতি এবং শিল্প, খনিজ ও বিদ্যুৎ মন্ত্রী নেইলা নৌরিয়া গঙ্গির সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে তিউনিশিয়ার দুই মন্ত্রী বাংলাদেশের সঙ্গে কৃষি ও বাণিজ্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।