প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২২ ২২:৩৬ পিএম
মুহাম্মদ আবদুল মুহিত
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ আবদুল মুহিত। নিউ ইয়র্কে রাষ্ট্রদূত রাবাব ফাতিমার স্থলাভিষিক্ত হচ্ছেন পেশাদার এই কূটনীতিক। ফাতিমা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পাওয়ায় এ পদ শূন্য হয়। সোমবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবদুল মুহিত দীর্ঘদিন ধরে অস্ট্রিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে নতুন স্থায়ী প্রতিনিধি করে পাঠাচ্ছে সরকার। তিনি সেখানে জাতিসংঘ কার্যালয়ে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় বাংলাদেশের হয়ে কাজ করছেন। তিনি ১১তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।
এর আগে, আবদুল মুহিত ডেনমার্ক, এস্তোনিয়া ও আইসল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি কুয়েত, রোম, দোহা, ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ে বিভিন্ন পদে বাংলাদেশের হয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এ ছাড়া তিনি কুয়েত ইউনিভার্সিটি থেকে আরবি ভাষায় ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করেন।