প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৩ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৮ পিএম
ফেসবুক থেকে নেওয়া।
প্রধান নির্বাচন কমিশনারের কাছে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে সঙ্গে নিয়ে তার নামে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্বাচন কার্যালয় থেকে ফিরে ফেসবুকের কাভার ফটো ও প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন তিনি। লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা ও শুভেচ্ছা বন্যায় ভাসছেন তিনি।
নির্বাচন কমিশন কার্যালয় থেকে ফিরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে করমর্দনের একটি ছবি দিয়ে ফেসবুকে তার আইডির কাভার ফটো পরিবর্তন করেন। রবিবার ( ১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১১ মিনিটে ছবিটি আপ করেন তিনি।
এর ঠিক ১৩ মিনিট আগে নিজের হাস্যোজ্জ্বল একটি ছবি দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করেন রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধা। পরে দুপুর ২টা ২৭ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনটি ও রাষ্ট্রপতির সঙ্গে একটি ছবির সঙ্গে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট করেন ছাত্রলীগ দিয়ে রাজনীতি শুরু করা এই বর্ণাঢ্য ব্যক্তি।
এসব ছবির নিচে হাজার হাজার মানুষ সম্ভাব্য রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছেন। ফেসবুকে তার এসব ছবির নিচে মাত্র কয়েক ঘণ্টায় হাজারো কমেন্ট পড়েছে। অভিনন্দন জানাচ্ছেন দলীয় নেতাকর্মী থেকে সর্বস্তরের মানুষ।
বায়েজীদ ভূঁইয়া নামে একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মহান রাব্বুল আলামিন আপনার সহায় থাকুন সব সময়।’
সংসদ সদস্য শিউলি আজাদ লিখেছেন, ‘কংগ্রাচুলেশানস’।
চট্টগ্রামের ছাত্রলীগ নেতা রাকেশ দেব লিখেছেন, ‘অভিনন্দন ও শুভকামনা স্যার। বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপিত হোক আপনার হাত ধরেই।’
তবে কেউ কেউ এই আইডি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তৌহিদ হোসেন নামের একটি ফেরিফাইড আইডিতে বলা হয়েছে, ‘আমার মনে হয় এই আইডিটা ফেক। কারণ আগে এই আইডির নাম ছিল অন্য। আপনারা চাইলে মেসেঞ্জার চেক করতে পারেন এই আইডির সাথে।’
তবে এই আইডি সাহাবুদ্দিন চুপ্পুর কিনা, তা নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।
এদিন সাহাবুদ্দিন চুপ্পুর নামে সকাল ১১টায় একটি ও ১১টা ৫ মিনিটে আরেকটি মনোনয়ন জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। পরে ইসি সচিবালয়ের সচিব জাহাংগীর আলম বলেন, মনোনয়ন দুটি সোমবার যাচাই-বাছাই করা হবে।
এর আগে ২২তম রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার পর সাহাবুদ্দিন চুপ্পুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন সকালে গণভবনে দলীয় মনোনয়ন প্রদানের পর সম্ভাব্য রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার ১২ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিল, সোমবার ১৩ ফেব্রুয়ারি বাছাই ও মঙ্গলবার প্রত্যাহারের দিন ধার্য করা হয়। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি।