× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার বায়ুমান আজ ‘বিপজ্জনক’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:০৫ এএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৬ পিএম

ফাইল ফটো।

ফাইল ফটো।

রাজধানী ঢাকার বায়ুমান শনিবার (১১ ফেব্রুয়ারি) ‘ঝুঁকিপূর্ণ’ বা বিপজ্জনক বলে বিবেচিত হচ্ছে। কেননা সকাল পৌনে ৯টা পর্যন্ত ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর হচ্ছে ৩৭০। একিউআই ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে তাকে ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়। ২২০ স্কোর নিয়ে ভারতের মুম্বাই দ্বিতীয়, ১৯৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে দিল্লি, ১৯৪ স্কোর নিয়ে চীনের বেইজিং চতুর্থ স্থানে অবস্থান করছে।

একিউআই ৫০-এর মধ্যে থাকলে সেই বাতাসকে বলা হয় ভালো। ১০০ পর্যন্ত সহনীয়। ১০১ থেকে ২০০-এর মধ্যে হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ উল্লেখ করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’। আর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বা বিপজ্জনক বলে বিবেচিত। বাংলাদেশের একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলোবস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

চলতি মাসের ১১ দিনের মধ্যে পাঁচ দিনই ঢাকা বায়ুদূষণে শীর্ষস্থানে অবস্থান করছে। ৫, ৬, ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি বায়ুদূষণে শীর্ষস্থানে চলে এসেছে রাজধানী। শুধু ৭ ও ৮ ফেব্রুয়ারি শীর্ষে ছিল না ঢাকা। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর হচ্ছে ১৯৩। এটিকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ১৮৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ছিল চিলির সান্টিয়াগো, তৃতীয় স্থানে ভারতের মুম্বাই, ১৭২ নিয়ে দিল্লি চতুর্থ, ১৬৬ নিয়ে পাকিস্তানের লাহোর পঞ্চম স্থানে।

এর আগে ১০০ দেশের স্কোর প্রকাশ করা হলেও শনিবার ১০১ অর্থাৎ একটি বাড়ানো হয়েছে। সেখানে শূন্য স্কোর নয়, বরং স্কোর ৪ নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ভালো শহরের শীর্ষে অবস্থান করছে। স্কোর ৬ নিয়ে কানাডার ভেনকোভার বিসি ও জাপানের কিটু দ্বিতীয় ও ৮ স্কোর নিয়ে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কো তৃতীয় স্থানে অবস্থান করছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ২২৫ স্কোর নিয়ে ঢাকা শীর্ষস্থানে ছিল। বায়ুর মান বিচারে এ পরিস্থিতি অস্বাস্থ্যকর। দ্বিতীয় ছিল পাকিস্তানের শহর লাহোর (১৯৫)। একিউআই স্কোরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বায়ুর মানের নিরিখে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে ছিল ভারতের মুম্বাই (১৮০)। একই স্কোর নিয়ে চতুর্থ স্থানে ছিল ভারতেরই আরেক শহর দিল্লি। পোল্যান্ডের শহর ক্রাকোও আছে পঞ্চম স্থানে, স্কোর ১৭৬। এর পরই ছিল মঙ্গোলিয়ার উলান বাটোর (১৬৪) ও পোল্যান্ডের রোকলো (১৬০)।

এর আগে ৫ ফেব্রুয়ারি রবিবার ও ৬ ফেব্রুয়ারি সোমবারও বায়ুদূষণে শীর্ষস্থানে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা। ৬ ফেব্রুয়ারি সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ২৬২।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যানুযায়ী, এর আগে ২০ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত নয় দিনের আট দিনই বিশ্বের দূষিত শহরের শীর্ষে ছিল ঢাকা। সারা বিশ্বের বায়ুমান নির্ণয় করে সুইজারল্যান্ডের এ প্রতিষ্ঠানটি।

ঢাকার মার্কিন দূতাবাসের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) বলছে, ২০২২ সালের কোনো মাসেই ঢাকার বায়ুমান ১০১ স্কোরের নিচে ছিল না; গড় বায়ুমান ছিল ১৫৪.৯৭ একিউআই অর্থাৎ ‘অস্বাস্থ্যকর’।

২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত প্রতি মাসে বায়ুর গড় স্কোর ছিল ১৯৪.৮৩ থেকে ২২১ একিউআইয়ের মধ্যে অর্থাৎ মানুষের সহনশীল মাত্রার চেয়ে ‘খুব অস্বাস্থ্যকর’। ২০২২ সালে বর্ষাকালে বায়ুর মান ছিল ১০৫ একিউআইয়ের ওপরে অর্থাৎ অস্বাস্থ্যকর।

অন্যদিকে ২০২২ সালের নভেম্বর ও ডিসেম্বরে বায়ুর মান ছিল যথাক্রমে ১৭৬.২৩ ও ২৪৪.৪৪ একিউআই এবং গেল জানুয়ারির দুই দিন ছিল ৩১৭.৪৪ ও ৩০২.৫৪ একিউআই এবং এক দিন ৪০৪.৪৪ একিউআই হয়, যা ‘ঝুঁকিপূর্ণ’। আর জানুয়ারির ১৭ দিনের বায়ুর মান ছিল ২০০-এর ওপরে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা