ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃত্যু
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩১ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টি জানানো হয়।
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ সকাল থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
প্রজ্ঞাপনে নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করার কথাও উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প তুরস্ক ও সীমান্তবর্তী সিরিয়ায় আঘাত হানে। ভয়াবহ এ ভূমিকম্পে তুরস্কে ও সিরিয়ায় ইতিমধ্যে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ১২ হাজার ৩৯১ জন তুরস্কে আর সিরিয়ায় ২ হাজার ৯৯২ জন।
দুটি দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।