জনপ্রতিনিধিদের স্থানীয় সরকারমন্ত্রী
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০০ পিএম
ছবি: সংগৃহীত
সেবা নিতে গিয়ে মানুষ যেন কোন ধরনের ভোগান্তির শিকার না হয় সেজন্য জনপ্রতিনিধিদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। বুধবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে দুই সিটি করপোরেশনের নবনির্বাচিত দুই কাউন্সিলরের শপথগ্রহণ অনুষ্ঠানে এমন আহ্বান জানান তিনি।
বরিশাল এবং রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত দুই কাউন্সিলর হলেন মোহাম্মদ রাজিব হোসেন খান এবং মোসা. আয়েশা খাতুন। তাদের শপথ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জনপ্রতিনিধিরা জনগণের সমস্যা সবচেয়ে ভালো জানবেন। সে কারণে স্থানীয় মানুষের উপকার করার সুযোগ তাদের সবচেয়ে বেশি।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিতে জনপ্রতিনিধিদের আইন ও বিধিবিধানের মধ্যে থাকারও আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, জাতীয় উন্নয়নে প্রান্তিক মানুষকে যুক্ত করার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের গুরুত্ব অপরিসীম। জনগণের জীবনমান উন্নয়নে তারা ব্যাপক ভূমিকা রাখতে পারেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম। এ সময় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।