প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৪ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২১ পিএম
তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ হতাহত হয়েছে। ছবি : সংগৃহীত
ভূমিকম্পে হতাহতের ঘটনায় তুরস্কে উদ্ধারকাজে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ সদস্যের একটি উদ্ধারকারী দল। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে উদ্ধারকারী দলটির দেশত্যাগের কথা রয়েছে।
দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিনিধি দলে রয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা, টাঙ্গাইলের সহকারী পরিচালক আনোয়ার হোসেন, যশোরের সহকারী পরিচালক মামুনুর রশিদ, মিরপুর ট্রেনিং কমপ্লেক্সের উপসহকারী পরিচালক ফয়সালুর রহমান, ফেনী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকের হোসেন, অধিদপ্তরের লিডার আবুল কালাম আজাদ।
এ ছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার সহদেব সাহা, টাঙ্গাইলের ঘাটাইল স্টেশনের ফায়ার ফাইটার আসিফ খান, লালবাগ স্টেশনের ফায়ার ফাইটার রুমান রাজন, রংপুর স্টেশনের ফায়ার ফাইটার রোকনুজ্জামান, বগুড়ার দুপচাঁচিয়া স্টেশনের ফায়ার ফাইটার কাব্য কুমার এবং চট্টগ্রামের নন্দনকানন স্টেশনের ফায়ার ফাইটার সুজন আলী।
গত সোমবার ভোর সোয়া ৪টার দিকে তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি তুরস্ক ছাড়াও পাশের দেশ সিরিয়াতেও হতাহতের ঘটনা ঘটায়। রিখটার স্কেলে ভূমিকম্পটি ছিল ৭ দশমিক ৮ মাত্রার। আর ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৭ কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল।
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৯ হাজার ছাড়িয়েছে।