তুরস্কে ভূমিকম্প
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৪ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৪৬ এএম
ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জনপদ। ছবি : সংগৃহীত
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের ক্ষতিগ্রস্ত অঞ্চলে বসবাসকারী বাংলাদেশিদের তাদের বর্তমান অবস্থা জানাতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দূতাবাস। সোমবার রাতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আদানা, গাজিয়ানতেপ, মালাতিয়া, দিয়ারবাকির, হাতায়, আদিয়ামান, ওসমানিয়ে ও সানলিউরফায় বসবাসরত/অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের তাদের বর্তমান অবস্থা সম্পর্কে দূতাবাসের নিম্নলিখিত নম্বরে যোগাযোগ/অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
যাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে- চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. রফিকুল ইসলাম, যার ফোন নম্বর +৯০-৫৪৬-৯০৫-০৬৪৭ এবং ব্যক্তিগত কর্মকর্তা মো. আবুল বাশার, যার ফোন নম্বর +৯০-৫৩৮-৯১০-৯৬৩৫।
এর আগে ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মেদ নুর-আলম সোমবার রাত সাড়ে আটটার দিকে প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, আজাজ শহরে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।
তিনি জানান, দক্ষিণাঞ্চলীয় প্রদেশের খাহরামানমারাসে ভূমিকম্পে দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। তারা হলেন নূরে আলম ও মো. রিংকু। তারা দুজনই শিক্ষার্থী। তারা যে ভবনে থাকতেন সেটি বিধ্বস্ত হয়েছে। তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না।
কয়েক দশকের ইতিহাসের সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় প্রাণহানির সংখ্যা ২ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। সোমবার ভোরের দিকে আঘাত হানা রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্পে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। এখনও অসংখ্য মানুষ ধসে যাওয়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ে আছে।