কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৭ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪১ পিএম
তুরস্কের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে গেছে। ছবি : সংগৃহীত
শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হওয়া তুরস্ক-সিরিয়ার সীমান্ত এলাকায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে দেড় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ছয় হাজারের বেশি। তবে তুরস্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে আছে বলে জানা গেছে।
আঙ্কারা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভূমিকম্পের পরপরই তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বাংলাদেশ দূতাবাস থেকে প্রয়োজনীয় খবর নেওয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তুরস্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে আছেন। আরও তথ্য পাওয়ার পর একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হতে পারে।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আজাজ শহরের পাশাপাশি তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলের বেশ কয়েকটি শহরে সোমবার ভোর সোয়া ৪টার দিকে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। আজমারিন শহরও বাদ যায়নি ভূমিকম্পের আঘাত থেকে। শক্তিশালী ভূমিকম্পে ভবনের পর ভবন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমনিতেই যুদ্ধবিধ্বস্ত শহর, তার ওপর এই ভূমিকম্প মড়ার ওপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবের মতো শহরগুলোর বাসিন্দাদের জন্য। প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে হিমশিম খেতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয়দের সহায়তায় অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান।