প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫০ পিএম
জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। সংগৃহীত ফটো
রাবারকে কৃষিপণ্য ঘোষণা করাসহ ১১টি দাবি তুলেছে এর বাগান মালিকরা। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেন। তিনি বলেন, দেশে এক লাখ একরের মতো জায়গায় রাবার চাষ হয়। বিশ্বে রাবারকে সাদা সোনা বলা হয় ও কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশেও তা প্রয়োজন। পাশাপাশি রাবার গবেষণা ইনস্টিটিউট স্থাপনেরও আহ্বান জানান তিনি।
মোয়াজ্জেম হোসেন আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে কিছু ভূমিদস্যুর তাণ্ডবে রাবার চাষ ধ্বংসের মুখে। কোয়ান্টাম ফাউন্ডেশনের যোগাসাজশে স্থানীয় লোকজন রাবার চাষের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়।
অ্যাসোসিয়েশনের দাবিগুলো হলো- আশির দশকে বরাদ্দ জমির চুক্তি নবায়ন, রাবার চাষিদের স্বল্প সুদে ঋণ, উচ্চফলনশীল বীজ আমদানি, রাবারকে কৃষিপণ্য ঘোষণা, উৎপাদিত রাবার পণ্যের ওপর শুল্ক বা কর প্রত্যাহার, হেডম্যানদের রিপোর্টের যথেচ্ছ ব্যবহার বন্ধ, অবৈধ দখল বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, রাবার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাবার গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ হারুন, মহাসচিব মো. মনসুর আলমসহ প্রমুখ।