প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫২ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১৩ পিএম
চলতি বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নিবন্ধন আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। এই প্রক্রিয়া চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহীদের এই ১৫ দিনের মধ্যে অর্থ পরিশোধ করে নিবন্ধিত হতে হবে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়, নিবন্ধনের জন্য হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। কোন কারণে হজের খরচ বেড়ে গেলে তা প্যাকেজ মূল্য হিসেবে হজযাত্রীকে পরিশোধ করতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ক্ষেত্রে নিবন্ধনের তিনদিনের মধ্যে পাসপোর্ট ও কোভিড ভ্যাক্সিনের সার্টিফিকেট নিজ দায়িত্বে আশকোনা হজ অফিসে জমা দিতে হবে। পাসপোর্ট স্ক্যান করে পূরণ করতে হবে নিবন্ধন তথ্য। পাসপোর্টের মেয়াদ হজের দিন থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত থাকতে হবে।
হজযাত্রীর দাখিল করা পাসপোর্ট যাচাই করা হবে অনলাইনে। নিবন্ধনের পর কেউ যদি হজে যেতে না পারেন, তাহলে শুধু বিমান ভাড়া এবং খাবার বাবদ গ্রহণ করা টাকা ফেরত পাবেন। তবে বিমানের টিকিট নিশ্চিত হওয়ার পর হজযাত্রা বাতিল করলে সেই টিকিটের টাকা ফেরত পাবেন না।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের খরচ ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় এই খরচ ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।
সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।