প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪০ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৬ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে আগামী মঙ্গলবার বৈঠক করবে নির্বাচন কমিশন। রবিবার (৫ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসি মো. আলমগীর।
তিনি বলেন, ‘মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) যে সভাটি করছি, ওই সভায় আমাদের প্রিন্সিপালগুলো কী হবে তা ঠিক করা হবে।’
নির্বাচন কমিশনার আরও বলেন, ‘জনগণ ও জনপ্রতিনিধিদের মতামত নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণ করা হবে। এক্ষেত্রে প্রশাসনিক অখণ্ডতাকে প্রাধান্য দেওয়া হবে।
‘পরিসংখ্যান ব্যুরো থেকে জনসংখ্যার চূড়ান্ত রিপোর্ট আমরা এখনও পাইনি। আমাদের অপেক্ষা করা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমাদের কাজ শুরু করতে হবে।’
ইসি আলমগীর বলেন, ‘সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে জনসংখ্যা হচ্ছে তিন নম্বর গুরুত্ব। প্রথম গুরুত্ব হচ্ছে প্রশাসনিক- যদি কোনো প্রশাসনিক পরিবর্তন না হয়ে থাকে, তাহলে তো আমাদের পরিবর্তন করার প্রয়োজন নাই। যদি কোনো ভৌগোলিক পরিবর্তন না হয়ে থাকে, তাহলেও করার প্রয়োজন নাই।’
তিনি আরও বলেন, ‘শুধু একটাই ফ্যাক্টর আছে, সেটা হলো জনসংখ্যার কারণে। এখন জনসংখ্যার জন্য মাইগ্রেশনের কাছে যে পরিবর্তনটা আসে, সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসে। জনসংখ্যাটাকে তো আর সমবন্টন করা যায় না। একটা মেলাতে গেলে আরেকটা মেলে না।
‘আপনি যদি প্রশাসনিক অখণ্ডতা ঠিক রাখেন, তাহলে দেখা যায় যে, প্রশাসনিক ও ভৌগোলিক অখণ্ডতা ঠিক রাখলে জনসংখ্যা মেলানো কঠিন হয়ে যায়। কারণ এটা কখনও মেলানো সম্ভব না। এমনকি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখবেন কোথাও কোথাও পৌনে তিন লাখ লোক আছে, আবার কোথাও প্রায় ১১ থেকে ১২ লাখ লোক।’
আগামী জুনের মধ্যে সীমানা পুনর্নির্ধারণ চূড়ান্ত করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার।