× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুইডেন ও ডেনমার্কে কোরআন অবমাননায় সংসদে ক্ষোভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ২১:১০ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুইডেন ও ডেনমার্কে কোরআন অবমাননার ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা ও ক্ষমতাসীন জোটের শরীকদল তরিকত ফেডারেশনের সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারি। দেশ দুটির ঢাকাস্থ রাষ্ট্রদূতদের তলব করে কড়া প্রতিবাদ জানানোর জন্য সরকারের কাছে দাবি করেছেন আবু হোসেন বাবলা।

গতকাল রবিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নিয়ে জাতীয় পার্টির আবু হোসেন বাবলা বলেন, সুইডেনে কোরআন অবমাননার পর এবার ডেনমার্কেও একই ঘটনা ঘটল। শুক্রবার ডেনমার্কের রাজধানীর একটি মসজিদ ও তুরস্ক দূতাবাসের কাছে কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায়, ডেনমার্কের উগ্র ডানপন্থী রাজনৈতিক কর্মী রাসমুস পালুদান ও তার দলের হার্ড লাইনের অনুসারীরা এ ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট। শুক্রবার কোপেন হেগেনে মসজিদের সামনে যে কোরআন পোড়ানো হয়েছে, সেখানে ফেসবুক লাইভে বলা হয়েছে, যতদিন ন্যাটোতে সুইডেনকে অন্তর্ভুক্ত করা না হবে, ততদিন এই কর্মসূচি অব্যাহত রাখা হবে।

আবু হোসেন বাবলা বলেন, গত ২১ জানুয়ারি সুইডেনে তুরস্ক দুতাবাসের সামনে কোরআন পোড়ানোর ঘটনায় তার (রাসমুস পালুদান) সংশ্লিষ্টতা আছে। তার সুইডিশ অনুসারীরা এই ঘটনা ঘটিয়েছে। তিনি আরও বলেন, পৃথিবীর যে দেশেই হোক না কেন, আমাদের পবিত্র কোরআনের অবমাননা কোনোভাবেই মেনে নিতে পারি না। কোরআনের অবমাননায় প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কেবল মুসলমান নয়, বিশ্বের কোনো ধর্মপ্রাণ মানুষ ধর্মের অবমাননতা মেনে নিতে পারে না। গোটা বিশ্বের মুসলমানরা কোরআনের এই অবমাননায় ক্ষুব্ধ।

তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা ও জুমার নামাজ আদায়ের সুবিধার জন্য শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব জেলা-উপজেলায় ইসলামের প্রচার ও প্রসারে মডেল মসজিদ নির্মাণ করছেন। ইতোমধ্যে ১০০টির নির্মাণ তিনি শেষ করেছেন। দেশের শতকরা ৯৩ শতাংশ মানুষ মুসলমান। বাঙালি মুসলমানরা অত্যন্ত ধর্মভীরু। পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রকাশ্যে আগুন দেওয়ার মতো ক্ষমার অযোগ্য ঘটনার নিন্দা জানানোর জন্য আবেদন করছি। ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ করার জোর দাবি জানাচ্ছি।

সুইডেন ও ডেনমার্কে কোরআন অবমাননার জন্য ১৪৭ বিধি অনুযায়ী সাধারণ আলোচনা ও নিন্দা প্রস্তাব গ্রহণের জন্য নোটিশ দিয়েছেন উল্লেখ করে নজিবুল বশর মাইজভান্ডারি সেই নোটিশ পড়ে শোনানো শুরু করেন। স্পিকার নোটিশের পরিবর্তে পয়েন্ট অব অর্ডারে বলার জন্য অনুরোধ করেন। তখন তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে প্রতিবাদ করা হয়েছে। সরকারের কাজ সরকার করেছে। মুসলমান হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। সংসদেরও দায়িত্ব আছে। কোরআনের অবমাননার জন্য বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের রক্তক্ষরণ শুরু হয়েছে। এই মুহূর্তে মিটিং-মিছিল শুরু হয়েছে। আগামী শুক্রবারও মিছিল শুরু হবে। শুধু কোরআন নয়, যেকোনো ধর্মগ্রন্থের অবমাননায় আমরা নিন্দা জানাই। এজন্য আমার দাবি থাকবে, আমার প্রস্তাবটি ১০ মিনিটের জন্য হলেও আলোচনা করে ঘটনার নিন্দা জানানোর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা