প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ২১:৪৬ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩ ২২:১৭ পিএম
মো. নাসের শাহরিয়ার জাহেদী
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদীকে জাতীয় সমাজকল্যাণ পরিষদের পরিচালনা বোর্ডের সদস্য করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। পাশাপাশি তাকে বোর্ডের বিশিষ্ট সমাজকর্মী হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. দেলোয়ার হোসেন সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. নাসের শাহরিয়ার জাহেদীকে সমাজকল্যাণ পরিষদের পরিচালনা বোর্ডের সদস্য করা হয়েছে। একইসঙ্গে তাকে ওই বোর্ডের বিশিষ্ট সমাজকর্মী হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী তিন বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা মো. নাসের শাহরিয়ার জাহেদীর বাড়ি ঝিনাইহ জেলায়। তিনি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এবং জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। যশোরে প্রথম বেসরকারি উদ্যোগে গঠিত ফুটবল একাডেমি ‘শামস-উল-হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা এই ব্যক্তি একইসঙ্গে প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবেও রয়েছেন নাসের শাহরিয়ার। দায়িত্ব পালন করছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে। এ ছাড়া ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের একাধিকবার নির্বাচিত সভাপতি তিনি।