প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ০০:০৯ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩ ০০:০৯ এএম
দেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে রজব মাস গণনা শুরু হচ্ছে মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে। এই হিসাবে আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।
সোমবার (২৩ জানুয়ারি) মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনিম হাসান।
ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। এ জন্য মঙ্গলবার (আজ) থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এরই পরিপ্রেক্ষিতে আগামী ২৬ রজব ১৪৪৪ হিজরি, ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।
হিজরি সনের বিশেষ ও মহিমান্বিত একটি মাস রজব। এ মাস আসে রমজানের আগমনী বার্তা নিয়ে। রজব মাস থেকেই শুরু হয় রমজানের প্রস্তুতি। এ মাসের বড় বৈশিষ্ট্য হলোÑ এ মাস আল্লাহপ্রদত্ত চারটি সম্মানিত মাসের (আশহুরে হুরুমের) একটি।
এ মাসের একটি পবিত্র রাত শবে মেরাজ। ইসলামে শবে মেরাজ বিশেষ গুরুত্বপূর্ণ। এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক (ফরজ) করা হয়। একই সঙ্গে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়।