প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ২১:০৭ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ২১:৪৫ পিএম
ভোলা নর্থ-২ কূপে গ্যাসের সন্ধান মিলেছে। সংগৃহীত ফটো
ভোলা নর্থ-২ কূপে গ্যাসের সন্ধান মিলেছে। প্রতিদিন এখান থেকে ২ কোটি ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স।
সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় মাটির ৩ হাজার ৫২৮ মিটার গভীরে গ্যাস পাওয়ার কথা জানায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি।
বাপেক্স-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী রাতে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গত ৫ ডিসেম্বর থেকে এখানে কূপ খনন শুরু করে রুশ কোম্পানি গ্যাজপ্রম। খুব অল্প সময়ের মধ্যে এখানে গ্যাস পাওয়া গেছে। প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছি। বর্তমানে গ্যাসের প্রেসার ৩ হাজার ৭০০ পিএসআই রয়েছে। এটা আরও বাড়বে বলে মনে হচ্ছে। আগামী ৭২ ঘণ্টা পর বিস্তারিত বলা যাবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে প্রথম ভোলা নর্থ-এ গ্যাসক্ষেত্র পাওয়ার ঘোষণা দেন। প্রথম আবিষ্কৃত গ্যাসক্ষেত্র ছাড়াও পরে ভোলায় আরও একটি এলাকায় গ্যাস পাওয়া যায়।
একের পর এক কূপে গ্যাস পাওয়া গেলেও দ্বীপ জেলা ভোলা থেকে গ্যাস আনা খুব কঠিন। ভোলা থেকে নিরবচ্ছিন্ন গ্যাস আনতে হলে পানির মধ্য দিয়ে অন্তত ১২২ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করতে হবে।
এজন্য অন্তত সাড়ে ছয় হাজার কোটি টাকা প্রয়োজন। বিপুল পরিমাণ বিনিয়োগে ভোলার গ্যাসকে সরাসরি জাতীয় গ্রিডে যোগ করার পরিকল্পনা নেই সরকারের।
তবে ভোলার গ্যাসকে স্থানীয়ভাবে শিল্পবিকাশের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। যদিও ভোলা নর্থ-এর গ্যাসের ব্যবহার শুরু হয়নি। এখন পর্যন্ত ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে তোলা গ্যাস দিয়ে চাহিদা মেটানো হচ্ছে।
গত বছরের ১৯ অক্টোবর ভোলা নর্থ-এর টাগবী-১ কূপে গ্যাস পাওয়ার ঘোষণা দেয় সরকার। এ নিয়ে ভোলা নর্থ-এর তিনটি কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেল। এখন আরও একটি কূপ খনন চলছে।