প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ০০:১৫ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ০০:১৬ এএম
জনবান্ধব তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিতে কাজ করা ‘অ্যাসপায়ার টু ইনোভেইট’ (এটুআই) প্রকল্পটিকে স্বাধীন-স্বনির্ভর (স্বায়ত্বশাসিত) সংস্থায় রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই অনুযায়ী প্রকল্পটির নতুন নাম হচ্ছে ‘এজেন্সি টু ইনোভেইট’। গত বছর মার্চে এ সংক্রান্ত আইনের খসড়ায় অনুমোদনে দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে আইনটি চূড়ান্ত অনুমোদন পেতে পারে।
তবে সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্প থেকে সংস্থায় রূপান্তরের পর এটুআই-এর বর্তমান জনবল নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। কারণ প্রকল্পে কর্মরতদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর না করার ব্যাপারে আপিল বিভাগের নির্দেশনা রয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে এটুআই-এর প্রকল্প পরিচালক যুগ্মসচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, তথ্যপ্রযুক্তি একটি কারিগরি কাজ তাই নতুন এই সংস্থায় কিছু স্বাধীনতা থাকবে। সংস্থাটি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে কাজ করবে। বর্তমান লোকবল সংস্থায়ও রাখা হবে জানিয়ে তিনি আরও বলেন, এজন্য আইন, বিধি ও চাকরির প্রবিধান করতে হবে। এসব কাজে কিছুটা সময় লাগবে বলে প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর নির্বাচনী ইশতেহার অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচী- ইউএনডিপির অর্থায়নে ‘অ্যাকসেস টু ইনফরমেশন’ নামে প্রকল্পটি চালু হয়। পরে সেটি ন্যস্ত হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে। নাম বদলে রাখা হয় ‘অ্যাসপায়ার টু ইনফরমেশন’। তৃতীয় ধাপে চলমান এ প্রকল্পের মেয়াদ আছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।
সংশ্লিষ্টরা জানান, ইউএনডিপির অধীনে বাস্তবায়নাধীন এ প্রকল্পের জন্য বরাদ্দ রয়েছে ৪৮৫ কোটি টাকা। স্বায়তত্তশাসিত হওয়ার পর চলতে হবে নিজ অর্থে। বর্তমানে এটুআইয়ের সব সেবা বিনামূল্যে দেওয়া হলেও সংস্থায় রূপান্তরেরর পর কিছু সেবা ও পরামর্শের জন্য ফি নেওয়া হবে। পরিবর্তন আসবে লোকবলেও। নিয়োগ দেওয়া হবে একজন প্রধান নির্বাহী কর্মকর্তা। গঠন করা হবে ১৫ সদস্যের পরিচালনা পর্ষদ এবং সার্বিক দেখভালের জন্য হবে নির্বাহী কমিটি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম বলেন, এটুআই প্রকল্পটিকে আইনী কাঠামোর মধ্যে আনা হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে আজ এটি এজেন্ডাভুক্ত আছে। চূড়ান্ত অনুমোদন হলে সংস্থায় রূপান্তর হবে। তখন শুধু মন্ত্রণালয়ভিত্তিক নয়, দেশের বাইরেও বিভিন্ন কাজে সম্পৃক্ত হতে পারবে এটুআই।