প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ১৯:৪৮ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৩ ২০:২৫ পিএম
বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ
বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বলেছেন, ‘জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মাধ্যমে নাটকীয়ভাবে দারিদ্র্য কমিয়েছে বাংলাদেশ। দেশটি বিশ্বকে দেখিয়েছে কীভাবে জলবায়ুর ক্ষতি পুষিয়ে দারিদ্র্য কমানো যায়। একইসঙ্গে মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়নেও বিশেষ ভূমিকা রেখেছে তারা।’
বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার তিন দিনের সফরে প্রথমবারে মতো ঢাকায় আসছেন ট্রটসেনবার্গ। এর এক দিন আগে শুক্রবার (২০ জানুয়ারি) এক বার্তায় বাংলাদেশের প্রশংসা করে এসব কথা বললেন বিশ্বব্যাংকের দ্বিতীয় এ কর্তা ব্যক্তি।
এদিকে ঢাকাস্থ বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকায় এসে রবিবার (২২ জানুয়ারি) একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন ট্রটসেনবার্গ। তা ছাড়া বাংলাদেশ এবং বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে অংশীদারত্বের ৫০ বছর পূর্তি এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন উদযাপনে অংশ নিবেন তিনি।
এ বিষয়ে অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ এক বার্তায় বলেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে তার ৫০ বছরের অংশীদারত্ব এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন যাত্রার অংশ হিসেবে গর্বিত। আমি আমার সফরের জন্য এবং এই সাফল্য সরাসরি দেখার অপেক্ষা করছি।’
ভ্যান ট্রটসেনবার্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তা ছাড়া বিশ্বব্যাংক-সমর্থিত প্রকল্পগুলো পরিদর্শন করবেন। তার সঙ্গে থাকবেন দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।
স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে ছিল বিশ্বব্যাংক। এরপর থেকে ব্যাংক প্রায় ৩৯ বিলিয়ন মার্কিন ডলার প্রতিশ্রুতিবদ্ধ করেছে, যার বেশিরভাগই অনুদান বা রেয়াতি ঋণে বাংলাদেশকে দিয়েছে। বাংলাদেশে বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) বৃহত্তম কর্মসূচি চলমান।