প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৭:৪৮ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১৮:২০ পিএম
সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে বাদ দেওয়া হয়েছে।
তার স্থলে নতুন সভাপতি করা হয়েছে সরকারদলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে। এ ছাড়া ওই কমিটির সদস্য করা হয়েছে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে।
রবিবার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদে স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়।
অন্যদিকে, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরীকে সংসদীয় উপনেতা করায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়।