প্রবা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২২ ১৪:২২ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২২ ১৫:০৩ পিএম
ভারতের কোস্টগার্ড জাহাজ
বঙ্গোপসাগর থেকে ১০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতের কোস্টগার্ড জাহাজ আনমোল। প্রতিকূল আবহাওয়ার কারণে এসব জেলে নিখোঁজ হয় বলে ধারণা করা হয়।
ভারতীয় কোস্টগার্ড প্রকাশিত এক টুইট বার্তায় স্থানীয় সময় শনিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করা হয়।
টুইটে বলা হয়, নিখোঁজ দুই জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।
তাদের খোঁজার জন্য জাহাজ এবং বিমান ব্যবহার করে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানানো হয়।
গত কয়েক দিনে বরগুনার পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ছয়টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া ছয় ট্রলারের ১০৭ জেলের মধ্যে ৭৫ জনকে উদ্ধার করা গেলেও ৩২ জেলে নিখোঁজ রয়েছে। একই সঙ্গে ২৫টি ট্রলার ও সেখানে থাকা ৪২৫ জেলের খোঁজও মিলছে না।
অন্যদিকে পটুয়াখালী ও কক্সবাজারে আরও ২২ জেলে নিখোঁজ রয়েছে। এতে মোট ৪৫৭ জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এদিকে উত্তাল বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুই শতাধিক জেলেসহ ডুবে গেছে আরও অন্তত ২০টি ট্রলার।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত বঙ্গোপসাগরের পটুয়াখালী ও কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে এসব ট্রলারডুবির ঘটনা ঘটে।
প্রবা/এনএস/এমজে