প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩ ২০:৪৮ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩ ২১:২১ পিএম
সিলেট বিভাগের সব সমস্যা দূর করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, বর্তমানে কিছু সমস্যা থাকলেও আগামীতে আর কোনো সমস্যা থাকবে না। উন্নয়নের স্বার্থে সবাই মিলে একযোগে কাজ করছে।
শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিষদের সভাপতি ড. আহমেদ আল কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এবং হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমদ প্রমুখ।
মো. শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী সিলেট বিভাগে পাঁচজন মন্ত্রী উপহার দিয়েছেন যা পূর্বে হয়নি। সব মন্ত্রী সিলেট বিভাগের উন্নয়নে কাজ করছেন। ফলে সিলেট বিভাগের রেলপথ, আকাশপথ ও সড়কপথে সমানভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
চলমান কিছু উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, মৌলভীবাজারের লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণ করা হচ্ছে। মাধবকুণ্ড জলপ্রপাতে কেবল কার স্থাপন করার প্রক্রিয়া এগিয়ে চলছে। হাওর-বাওর জলাভূমির সিলেট বিভাগের হাওর ও জলাশয় খননকার্য বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সব জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, পরিবার সবার উন্নয়ন হয়েছে।