গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩ ১৩:১৯ পিএম
আখেরি মোনাজাত উপলক্ষে ট্রাফিক নির্দেশনা নিয়ে কথা বলেছেন জিএমপির কমিশনার মোল্যা নজরুল ইসলাম। ছবি: প্রবা
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রবিবার (১৫ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে লাখ লাখ মানুষের সমাগম হবে। এজন্য আজ শনিবার মধ্যরাত থেকে তিনটি সড়ক বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
শনিবার সকালে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে পুলিশ কন্ট্রোল রুমে সাংবাদিকদের আলাপকালে এসব বলেন জিএমপি কমিশনার।
তিনি বলেন, যে রোডগুলো বন্ধ থাকবে সেগুলো হল- কামারপাড়া রোড, টঙ্গী থেকে গাজীপুর ভোগরা পর্যন্ত এবং আব্দুল্লাহপুর ব্রিজ থেকে বাইপাইল রোড। সেক্ষেত্রে এ রোডের ঢাকাগামী যাত্রীরা নবীনগর হয়ে গাবতলী এবং গাজীপুর ভোগরা থেকে মিরের বাজার হয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করবে। তবে একাধিক স্পেশাল ট্রেন চলমান থাকবে। ঢাকা থেকে যারা ইজতেমায় আসতে চায়, তারা ট্রেন ব্যবহার করতে পারবে।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি ভালো আছে। সাদা পোশাক, পোশাকধারীসহ প্রতিটি খিত্তায় আমাদের লোক রয়েছে। এ ছাড়াও সিসি ক্যামেরা, রুপটপ, ড্রোনসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে।’
পকেটমার ও ছিনতাইকারীদের দৌরাত্ম্যের বিষয়ে কমিশনার বলেন, প্রথম দিনে ১৪ জনসহ এখন পর্যন্ত ১৭ জনকে আটক করা হয়েছে। আশা করছি এই সমস্যা আজ থাকবে না।
কমিশনার বলেন, ‘আগামীকাল সকাল ১১টার মধ্যে আখেরি মোনাজাত করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে মোনাজাত কে করবেন সেটা মুরব্বিদের সঙ্গে কথা বলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।’
গতকাল শুক্রবার ফজরের নামাজের পর ঢাকার উপকণ্ঠ টঙ্গীর তুরাগতীরে আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইজতেমা। আগামীকাল রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। এবার প্রথম পর্বের ইজতেমায় অংশ নেন মাওলানা জুবায়েরের অনুসারীরা।
মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের অংশগ্রহণে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ২০ জানুয়ারি থেকে। শেষ হবে ২২ জানুয়ারি।
এ উপলক্ষে দেশ-বিদেশের লাখো মুসল্লি তুরাগতীরে এসেছেন।