× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পথচারীকে গাড়িচাপা : কারাবন্দি সাবেক ঢাবি শিক্ষকের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩ ১৮:৪৮ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ১৯:০২ পিএম

এই গাড়ির নিচে চাপা পড়া নারীকে টেনে-হিঁচড়ে নিয়ে যান ঢাবির সাবেক শিক্ষক।  প্রবা ফটো

এই গাড়ির নিচে চাপা পড়া নারীকে টেনে-হিঁচড়ে নিয়ে যান ঢাবির সাবেক শিক্ষক। প্রবা ফটো

এক নারী পথচারীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষক ও সহযোগী অধ্যাপক আজহার জাফর শাহ মারা গেছেন। ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার (১৩ জানুয়ারি) তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জুবায়ের হোসেন বলেন, ‘আজহার কেন্দ্রীয় কারাগারে হাজতি  হিসেবে ছিলেন। হঠাৎ অসুস্থবোধ করায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকাল ৩টা ৪০ মিনিটে মৃত ঘোষণা করেন। আমরা জানতে পেরেছি, ৩ ডিসেম্বর সড়ক দুর্ঘটনা মামলার আসামি ছিলেন তিনি। নিহতের হাজতি নম্বর ১৭৭/২৩। বাবার নাম মৃত মাইন উদ্দিন।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়াও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ’৩ ডিসেম্বর রুবিনা আক্তার নামে এক নারী তার দেবরের সঙ্গে মোটরসাইকেলে করে হাজারীবাগের সেকশন এলাকার বাসায় যাচ্ছিলেন। শাহবাগ মোড় পার হওয়ার পর একটি প্রাইভেটকার পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ওই সময় ওই নারী ছিটকে পড়েন এবং প্রাইভেটকারের বাম্পারের সঙ্গে আটকে যান। তবে প্রাইভেটকারটি এরপরও না থেমে ওই নারীকে টেনে-হিঁচড়ে প্রায় নীলক্ষেত পর্যন্ত নিয়ে যায়।’

তিনি বলেন, ‘পরে স্থানীয়রা প্রাইভেটকারটিকে আটক করে এবং চালককে পিটুনি দেয়। এ সময় গাড়ি চালক ও ঢাবির সাবেক শিক্ষক আজহার জাফর শাহ গুরুতর আহত হলে তাকে ঢামেকে ভর্তি করানো হয়। এ ছাড়া ওই নারীকে উদ্ধার করে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার সংশ্লিষ্ট থানায় একটি মামলা করে। ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন আজহার।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা