কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ৩৪ মিনিট আগে
সচিবালয়ে কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক অবস্থানে থাকে। প্রয়োজন অনুযায়ী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এটি তাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ।
বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, স্থানীয়দের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ওই সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।
সভায় কক্সবাজারের পর্যটন খাতের উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) অধীনে পর্যটন মাস্টারপ্ল্যান চূড়ান্ত করে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।