প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১ ঘণ্টা আগে
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে; এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৭৮ জন রোগী। একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩২ জনে। এ সময়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮০ হাজার ৬৮৬ জন ডেঙ্গু রোগী; যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৫ হাজার ৯৮৬ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ১৬৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীর মধ্যে সর্বোচ্চ ৪৬২ জনই ঢাকার।
এদিকে গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রবিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২৬৯ জন হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত শনাক্ত হয়েছেন ৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য না থাকলেও উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও ময়মনসিংহে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৮৩ জন এবং নিশ্চিত হামে ১০৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে মোট নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৮৭ জনে।