× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৬তম বিসিএসে নিয়োগ পেলেন ১ হাজার ৪১৬ জন

যোগদানের শেষ সময় ২০ ডিসেম্বর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩৩ মিনিট আগে

ফাইল ছবি

ফাইল ছবি

৪৬তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জন কর্মকর্তাকে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রবেশ পদে নিয়োগ দিয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এই নিয়োগ আদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। 

এতে জানানো হয়, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা বেতনক্রমে) এসব কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ১৫ মার্চ ও ২১ মের সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ কার্যকর করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত কর্মকর্তাদের আগামী ২০ ডিসেম্বর পূর্বাহ্ণে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে প্রজ্ঞাপনে উল্লিখিত তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে সরাসরি যোগ দিতে হবে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগ না দিলে সংশ্লিষ্ট প্রার্থী যোগদানে সম্মত নন ধরে নিয়ে তার নিয়োগপত্র তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে।

চাকরিতে তিন বছরের বন্ড ও যৌতুকবিরোধী অঙ্গীকার

নবনিযুক্ত কর্মকর্তাদের জন্য প্রজ্ঞাপনে বেশ কিছু কঠোর শর্ত নির্ধারণ করা হয়েছে। শর্তানুযায়ী, চাকরিতে যোগদানের পর কোনো কর্মকর্তা যাতে তিন বছরের মধ্যে ইস্তফা না দেন, সে জন্য ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড বা অঙ্গীকারনামা দিতে হবে। এই তিন বছরের মধ্যে কেউ চাকরি ছাড়লে প্রশিক্ষণকালে প্রাপ্ত বেতন-ভাতাসহ সরকার কর্তৃক ব্যয় করা সমুদয় অর্থ ফেরত দিতে হবে। ইস্তফা অনুমোদিত হওয়ার আগে কর্মস্থলে অনুপস্থিত থাকলে দ্য পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্ট, ১৯১৩ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া চাকরিতে প্রবেশের আগে যৌতুক না দেওয়া ও না নেওয়ার বিষয়েও ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে আরেকটি অঙ্গীকারনামা দিতে হবে। সেখানে উল্লেখ থাকতে হবে—সংশ্লিষ্ট কর্মকর্তা নিজে কোনো যৌতুক নেবেন না বা দেবেন না এবং তার পরিবারের সদস্যদেরও যৌতুক আদান-প্রদানে জড়াবেন না।

চাকরিবিধি অনুযায়ী, যোগদানের সময়েই নিজের ও পরিবারের সদস্যদের যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ সংবলিত ঘোষণাপত্র দাখিল করতে হবে। পাশাপাশি প্রতি পাঁচ বছর পর পর ডিসেম্বর মাসে সম্পদ হ্রাস-বৃদ্ধির বিবরণী জমা দিতে হবে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে।

শিক্ষানবিসকাল দুই বছর

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা দুই বছর শিক্ষানবিস হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে সরকার এই মেয়াদ আরও অনূর্ধ্ব দুই বছর বাড়াতে পারবে। তবে শিক্ষানবিসকালে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং পিএসসির পরামর্শ ব্যতিরেকে যেকোনো কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণের পূর্ণ এখতিয়ার সরকারের হাতে থাকবে। সন্তোষজনক শিক্ষানবিসকাল, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই চাকরি স্থায়ী করা হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, কোনো কর্মকর্তা বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে থাকলে তার নিয়োগ বাতিল হবে। আর মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কোনো প্রার্থীর সনদ পরবর্তী সময়ে জাল বা ভুয়া প্রমাণিত হলে তাৎক্ষণিক তার নিয়োগ বাতিল করে ফৌজদারি মামলা দায়ের করা হবে। যোগদানের জন্য কর্মকর্তারা কোনো ভ্রমণ বা দৈনিক ভাতা পাবেন না।

স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ নিয়োগ

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, এবার সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হয়েছে স্বাস্থ্য ক্যাডারে। এ ক্যাডারে সহকারী সার্জন পদে ৪০১ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন নিয়োগ পেয়েছেন।

সাধারণ ক্যাডারের মধ্যে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ২৭৪ জন, পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে ৭৬ জন, সহকারী কর কমিশনার পদে ৩৮ জন, সহকারী মৎস্য কর্মকর্তা পদে ২৪ জন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ১৫ জন, আনসার ক্যাডারে ১২ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া গণপূর্ত, সড়ক ও জনপথ, পশুসম্পদ, কৃষি ও শিক্ষা ক্যাডারের অধীন সাধারণ কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে দুই শতাধিক প্রভাষক ও ইন্সট্রাক্টর নিয়োগ পেয়েছেন।

নিয়োগপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা ও প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা