ঢাকার রাজারবাগে শনিবার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়; তবে বাংলাদেশের অভ্যন্তরে কাউকে কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা চালাতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রতিবেশী দেশের কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান মন্ত্রী।
ঢাকার রাজারবাগে শনিবার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, বাসে আগুন, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। দেশে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা বিবেচনায় রেখেই পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।
তিনি বলেন, “সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দেওয়া হচ্ছে। দেশের দু-একটি ইউনিয়নে বিচ্ছিন্নভাবে মশালমিছিল ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। তবে এসব অপতৎপরতা সফল হতে দেওয়া হবে না।”
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিকে স্বাগত জানিয়েছেন এবং তাঁরা সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি ও সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের অপচেষ্টাকারীরা বিচ্ছিন্নভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এসব চেষ্টা সফল হবে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় বাহিনীর সদস্যরা নিজেরা আহত হলেও কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
এর আগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মন্ত্রী। তাঁদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনা এবং হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান বাড়াতে নেওয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।
পরে পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে গিয়ে গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।