× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩৯ মিনিট আগে

আপডেট : ২৬ মিনিট আগে

ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

দেশে যেকোনো ধরনের অস্থিরতা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও জনগণের আস্থা অর্জন করেছে। পুলিশসহ সব বাহিনী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করতে সম্পূর্ণ বদ্ধপরিকর।

ঢাকার রাজারবাগে শনিবার সকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তিনি হাসপাতালে যান।

পরিদর্শনকালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের শয্যাপাশে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজ নেন মন্ত্রী। আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে আহত সদস্যদের সাহস জোগানোর পাশাপাশি দায়িত্ব পালনে তাদের ভূমিকার প্রশংসা করেন। বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।

সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের কারও মাথায় আঘাত লেগেছে, আবার কারও হাড় ভেঙে গেছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে কয়েকজনকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা দিতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, চাকরিতে যোগদানের সময় তারা প্রয়োজনে জীবন দিয়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় গুরুতর আহত হওয়ার পরও বাহিনীর সদস্যরা ধৈর্যের পরিচয় দিয়েছেন। কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে হতাহতের ঘটনাও ঘটেনি। বিষয়টি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিতে সন্তুষ্ট। তারা সুশৃঙ্খল রয়েছেন। তবে শ্রমিক পরিচয় দেওয়া কিছু ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াওয়ের অপচেষ্টাকারীরা দেশের কয়েকটি ইউনিয়নে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এসব অপচেষ্টা সফল হবে না।

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়। তবে দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। প্রতিবেশী দেশের কয়েকজন ব্যক্তির বাংলাদেশবিষয়ক অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

হাসপাতাল পরিদর্শনকালে এর আধুনিকায়ন ও চিকিৎসাসেবার মান বাড়াতে চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি অর্থোপেডিক্স বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানো, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগ এবং হাসপাতালে ক্যান্সার ইউনিট চালুর বিষয়েও ইতিবাচক মনোভাব জানান।

এ সময় হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ছয়জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা