ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মিনিট আগে
ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এর গোলটেবিল আলোচনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কর্মক্ষেত্রে নারীর মর্যাদা, নিরাপত্তা, সম্মান ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং সহিংসতা ও হয়রানিমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এর ৮টি ক্লাবের উদ্যোগে বুধবার (২৫ নভেম্বর) ফেইথ বাংলাদেশের কনফারেন্স কক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
গোল টেবিল আলোচনার প্রতিপাদ্য ছিল ‘কর্মক্ষেত্রে মর্যাদা ও সম্মান: নীরবতা ভেঙে নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলি’।
আলোচনায় ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এর নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, বিভিন্ন সেবামূলক সংগঠনের প্রতিনিধি, পেশাজীবী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মক্ষেত্রে নারীদের বিভিন্ন চ্যালেঞ্জ, সহিংসতা ও হয়রানি প্রতিরোধ এবং নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ প্রতিষ্ঠার উপায় নিয়ে তারা মতবিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ (২০২৬–২০২৭) এর চেয়ারম্যান শিরীন আখতার চৌধুরী।
তিনি নারীর মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব ও সেবামূলক সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, কর্মসংস্থান, ব্যবসা ও নেতৃত্বে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেলেও তাদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যৌন হয়রানি, মানসিক নির্যাতন, বুলিং, বৈষম্য ও ক্ষমতার অপব্যবহার নারীর আত্মবিশ্বাস, কর্মদক্ষতা ও পেশাগত অগ্রগতিকে বাধাগ্রস্ত করে।
গোলটেবিল আলোচনায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউ এন উইমেনের প্রোগ্রাম স্পেসিয়ালিস্ট দিলরুবা হায়দার। তিনি কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা ও হয়রানির বিভিন্ন ধরন, প্রতিরোধমূলক ব্যবস্থা, কার্যকর অভিযোগ প্রক্রিয়া এবং প্রাতিষ্ঠানিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় নীরবতার সংস্কৃতি ভেঙে পারস্পরিক শ্রদ্ধা, জবাবদিহিতা ও নারীর ক্ষমতায়নের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন জোনটা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ড. রুবিনা হুসাইন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেন্ডার স্পেসিয়ালিস্ট নিলুফার করিম, চার্টার প্রেসিডেন্ট ইনার হুইল ক্লাব অব আরুশি ঢাকা।
তিনি আলোচনাকে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তোলেন এবং কর্মক্ষেত্রে মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিত দায়িত্ব ও কার্যকর উদ্যোগের বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত তুলে ধরার সুযোগ সৃষ্টি করেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি শুধু ব্যক্তিগত সমস্যা নয়; এটি একটি প্রাতিষ্ঠানিক ও সামাজিক সমস্যা, যার সমাধানে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ জন্য সুস্পষ্ট নীতিমালা, সচেতনতামূলক কার্যক্রম, গোপনীয় ও নিরপেক্ষ অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা, অভিযোগকারীর সুরক্ষা এবং যথাযথ প্রতিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি কর্মক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা ও নিরাপত্তার সংস্কৃতি গড়ে তুলতে পুরুষদেরও সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানানো হয়। কারণ নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা নারী-পুরুষ উভয়েরই সম্মিলিত দায়িত্ব।
গোলটেবিল আলোচনা থেকে নারী সংগঠন, পেশাজীবী প্রতিষ্ঠান, নিয়োগকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সচেতনতা থেকে কার্যকর পদক্ষেপে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের সমাপনীতে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ নারীর নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা, মর্যাদা ও ক্ষমতায়ন প্রতিষ্ঠায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এমন একটি সমাজ ও কর্মপরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়, যেখানে প্রত্যেক নারী নিরাপদে, সম্মানের সঙ্গে এবং আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে, নেতৃত্ব দিতে ও নিজের সম্ভাবনা বিকশিত করতে পারেন।