× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাশকতা কমলেও থামেনি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মিনিট আগে

কুয়াকাটায় পরিত্যক্ত চান্দের গাড়িতে বৃহস্পতিবার রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুয়াকাটায় পরিত্যক্ত চান্দের গাড়িতে বৃহস্পতিবার রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীসহ দেশজুড়ে কয়েকদিন ধরে চলমান নাশকতার মাত্রা অনেকটাই কমে এসেছে। তবে দুষ্কৃতদের নাশকতামূলক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ হচ্ছে না। কোথাও কোথাও যানবাহনে অগ্নিসংযোগ, রাজনৈতিক কার্যালয়ে আগুন এবং ব্যাংক ও কারাগারে ককটেল ও পেট্রোল বোমা হামলার মতো ঘটনা ঘটছে। 

উদ্ভূত পরিস্থিতিতে ফিলিং স্টেশনসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিসংযোগ মোকাবিলায় সারা দেশে ফায়ার সার্ভিসকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। 

গত দুদিনে রাজধানীতে ৫টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সবশেষ গতকাল শুক্রবার রাত ১১টার পর মিরপুরের কালশীতে পার্কিংয়ে থাকা পিপিবি সিটি পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রায় একই সময়ে উত্তরার দিয়াবাড়ীতে বিএনপির একটি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাজধানীতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুরের পল্লবীর ১১ নম্বর সেকশনের বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকা মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। রাত ৯টা ৫০ মিনিটে উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। এরপর রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের কালশী রোডে সিরামিকের দোকানগুলোর সামনে যাত্রী নামিয়ে স্ট্যান্ডে ফেরার পথে বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়।

গতকাল দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটির ভেতরের পুরো অংশ পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলে আসা ব্যক্তিরা আগুন দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, এটি নাশকতামূলক ঘটনা। তবে পুলিশের দাবি, বাসটি দুই দিন ধরে পার্ক করা ছিল; রোদের তাপে আগুন লাগতে পারে।

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সিরাজ আবাসিক ছাত্রীনিবাসের প্রধান ফটকে গতকাল রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন বনানী থানার এএসআই রোকোনুজ্জামান।

একই দিন ভোর ৫টার দিকে বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের সানুহার শাখায় তিনটি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটায় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত। ব্যাংকের সিঁড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়। এতে কেউ হতাহত না হলেও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার ১২ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া জেলা কারাগারে দুই দফা ককটেল হামলা হয়। ভোর ৫টায় কারাগারের প্রধান ফটকে এবং বিকাল সাড়ে ৪টায় পূর্ব পাশের সীমানাপ্রাচীর-সংলগ্ন কারারক্ষীদের আবাসিক এলাকায় ককটেল নিক্ষেপ করা হয়। প্রথম হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কারা কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে। 

যশোর শহরের বেজপাড়ার বিহারি কলোনিতে গতকাল সকালে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। বাদল নামের এক ব্যক্তির বাড়ির পেছনে মাটির স্তূপ খোঁড়ার সময় কোদালের কোপে বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার নমুনা সংগ্রহ করেছে এবং কারা সেখানে বোমা লুকিয়ে রেখেছিল, তা তদন্ত করছে। অন্যদিকে পটুয়াখালীর কুয়াকাটায় বৃহস্পতিবার গভীর রাতে দীর্ঘদিন ধরে পার্ক করে রাখা পর্যটকবাহী একটি জিপে আগুন লাগে। গাড়ির মালিক পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ করলেও কারণ নিশ্চিত হওয়া যায়নি। 

এদিকে ২৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী নিহত হন। ওই ঘটনায় আহত নাজমুল করিম ওরফে নুরুলকে বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে আটক করে এসআরবি-৫। পুলিশ হেফাজতে তার চিকিৎসা চলছে। বাহিনীটির দাবি, নাজমুল ককটেল তৈরির কারিগর এবং নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের সঙ্গে জড়িত। 

গতকাল ভোরে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে মিছিল করেন বলে দলীয় নেতাকর্মীদের ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে। স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিছিলে ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। অন্যদিকে ফেনীতে আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়া ও তার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুনকে এবং নওগাঁর রাণীনগরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সহিংসতা ও যানবাহনে অগ্নিসংযোগ মোকাবিলায় স্টেশনগুলোকে, বিশেষ করে ঢাকা মহানগরীর স্টেশনগুলোকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কর্মীদের ছুটি না দিতে নিয়ন্ত্রণকক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে। বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটলে ব্যারাকে বিশ্রামে থাকা কর্মীদেরও দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি জানান, এটি কোনো লিখিত আদেশ বা প্রজ্ঞাপন নয়; ওয়্যারলেস বার্তার মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 


[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন যশোর, উজিরপুর, কুষ্টিয়া, কলাপাড়া, রাজশাহী, শ্রীপুর, ফেনী ও রাণীনগর প্রতিবেদকরা।]

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা