বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ২২ মিনিট আগে
পাকিস্তানের ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তার সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে ছয় সদস্যের প্রতিনিধিদল নিয়ে পাকিস্তান সফর করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে গত ২৩ নভেম্বর শুরু হওয়া এ সফর বাংলাদেশের কোনো জাতীয় সংসদের স্পিকারের প্রথম সরকারি পাকিস্তান সফর। সংসদীয় কূটনীতি ও দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সফরটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
গত ২৪ নভেম্বর ইসলামাবাদে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক তাকে স্বাগত জানান। পরে দুই স্পিকারের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় সহযোগিতা, প্রতিনিধিদল বিনিময় এবং আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। একই দিন পাকিস্তান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সঙ্গেও বৈঠকের কর্মসূচি ছিল। এতে পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের ব্রিফিং দেওয়ার আয়োজন করা হয়।
২৫ নভেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ ভবন পরিদর্শন করেন স্পিকার। এ সময় তিনি ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় পরিষদের অধিবেশন কক্ষ পরিদর্শনকালে তাকে সংসদের ইতিহাস ও আইন প্রণয়নপ্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়। একই দিন তিনি পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুল (পিএমএ) পরিদর্শন করেন। পাকিস্তান সেনাবাহিনীতে কর্মজীবনের শুরুতে এই একাডেমিতেই প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। ফলে সফরটি তার জন্য বিশেষ তাৎপর্য বহন করে। একাডেমির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ইফতিখার হাসান চৌধুরী তাকে স্বাগত জানান। এ সময় নিজের সামরিক জীবনের স্মৃতিচারণের পাশাপাশি একাডেমিতে প্রশিক্ষণ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন স্পিকার। উল্লেখ্য, ১৯৬৮ সালে তিনি পাকিস্তানের জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
২৫ নভেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্পিকার। রাষ্ট্রপতির সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে অনুষ্ঠিত এ বৈঠকে বাণিজ্য, অর্থনীতি, শিক্ষা, সংসদীয় যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। একই রাতে প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ স্পিকার ও তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সম্মানে প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের আয়োজন করেন।
২৬ নভেম্বর লাহোরে পৌঁছলে স্পিকারকে স্বাগত জানান পাঞ্জাবের শিল্প ও বাণিজ্যমন্ত্রী চৌধুরী শাফায় হোসেন। সফরের পরবর্তী কর্মসূচিতে লাহোর ও করাচিতে বিভিন্ন রাজনৈতিক, সংসদীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। ছয় সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, নাসের রহমান, নিলুফার চৌধুরী মনি ও মুহাম্মদ নাজিবুর রহমান।
সফরটিকে আনুষ্ঠানিক সৌজন্য বিনিময়ের পাশাপাশি সংসদীয় কূটনীতি, বাণিজ্যিক সম্ভাবনা, পারস্পরিক আস্থা এবং ঐতিহাসিক সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সফর শেষে আগামীকাল রবিবার প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।