জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানি তিতাস গ্যাস, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিতে (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পরিবর্তন আনা হয়েছে।
একই সঙ্গে পেট্রোবাংলার কয়েকটি পরিচালক পদেও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এসব রদবদল করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলার পরিচালক (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট-পিএসসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে অতিরিক্ত দায়িত্বে থাকা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকারকে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
অন্যদিকে, তিতাস গ্যাসের নতুন এমডির চলতি দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান।
আরপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে আরপিজিসিএলের এমডির দায়িত্ব পেয়েছেন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (জিটিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আইনুল কবির।
এদিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) এমডির চলতি দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন।
এর আগে তিনি প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাপেক্সের বর্তমান এমডি প্রকৌশলী মো. ফজলুল হককে পেট্রোবাংলায় সংযুক্ত করা হয়েছে।