সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৫৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলামী ইজতেমায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বাংলাদেশের মাটিতে আর কখনও পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী ও ইসলামবিদ্বেষী কোনো শক্তি যেন দেশে আবার রাজনীতি করার সুযোগ না পায়, সে প্রশ্নে দেশের সব নাগরিক ঐক্যবদ্ধ।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় শুক্রবার বিকালে জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলামী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা এই দেশে সবাই ঐক্যবদ্ধ আছি। প্রশ্ন যখন আসবে ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, ইসলামবিদ্বেষী, পরদেশি সেবাদাস কোনো পতিত শক্তি যখন বাংলাদেশে রাজনীতি করার ইচ্ছাপোষণ করবে, সেই প্রশ্নে আমরা সকলেই এক। সারা বাংলাদেশের সকল নাগরিক এক।”
শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, “পতিত আওয়ামী লীগ সরকারের সময় শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের মামলার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেষ পর্যায়ে রয়েছে। এ ঘটনার বিচার হবে।”
পতিত অপশক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সরকার আইনি প্রক্রিয়ায় ধৈর্যের সঙ্গে তা মোকাবিলা করবে।” গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে উসকানি দিয়ে শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, “মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নির্ধারণ করা হয়েছে। এরপরও কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। সরকার তাদের চেনে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহ, মধুপুর ইসলামিয়া হালীমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ মাওলানা আবদুল হামিদ, চাঁদপুরের কচুয়ার উজানীর পীর মাওলানা এহতেরামুল হক, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান কাজল এবং মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লাসহ স্থানীয় নেতারা।