শিশু-কিশোরদের শীতকালীন খেলাধুলায় উৎসাহিত করতে তাদের হাতে ব্যাডমিন্টন সেট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে খেলার সামগ্রী নিজেদের মধ্যে ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।
ঢাকার বনানীতে নৌবাহিনীর সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার জুমার নামাজ আদায়ের পর একদল শিশু-কিশোরের হাতে এসব খেলার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নামাজের পর প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের হাতে ব্যাডমিন্টন সেট উপহার দেন। এ সময় তিনি তাদের নিয়মিত খেলাধুলা করার পরামর্শ দেন এবং শিশুদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।
উপপ্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী শিশুদের খেলার সামগ্রী নিজেদের মধ্যে ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দিয়েছেন। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন তিনি। এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।
শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় নিয়ে তাদের এ ধরনের কর্মকাণ্ডে উৎসাহিত করছেন প্রধানমন্ত্রী। এর ধারাবাহিকতায় গত শুক্রবার একই স্থানে শিশু-কিশোরদের মধ্যে ফুটবল ও ভলিবলের সামগ্রী বিতরণ করেছিলেন তিনি। এবার তাদের হাতে তুলে দিলেন ব্যাডমিন্টন সেট।