গোপালগঞ্জ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ মিনিট আগে
প্রতীকী ছবি।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার জেরে ৯ দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্থগিত রয়েছে সরকারি বরাদ্দ। বন্ধ রয়েছে দুটি থানাও। এবার সেখানকার বেশির ভাগ গ্রাহকের মোবাইল ব্যাংকিং সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।
গত বুধবার রাত থেকে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোয় লেনদেন করতে পারছেন না স্থানীয় গ্রাহকেরা। সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের কারণে এ সেবা বন্ধ করা হয়েছে।
আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বুধবার রাতে সরকারের পক্ষ থেকে গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে দুটি সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, সরকারের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর এই সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পুলিশ তদন্ত করতে গিয়ে দেখেছে, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে গোপালগঞ্জে অস্বাভাবিক পরিমাণে অর্থ লেনদেন হয়েছে। এ কারণে সাময়িকভাবে শুধু এ জেলায় মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার এ সেবা চালু করা হবে।
গোয়েন্দা সংস্থার বরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, দেশের বিভিন্ন জেলার মানুষ গ্রেপ্তার এড়াতে গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন। তাদের মোবাইল হিসাবে টাকা পাঠানোর তথ্য রয়েছে। ভবিষ্যতে কর্মসূচি বাস্তবায়নে গোপালগঞ্জে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে টাকা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য সাময়িক সময়ের জন্য এ সেবা বন্ধ করা হয়েছে।
দোকানে ভিড়, টাকা মিলছে না
গোপালগঞ্জে হঠাৎ বিকাশ, নগদ ও রকেটের অনেক ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গ্রাহকেরা। বৃহস্পতিবার থেকে এসব মোবাইলে আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ হতে শুরু করে। অ্যাকাউন্ট বন্ধ থাকায় অনেকে টাকা তুলতে, পাঠাতে ও জরুরি লেনদেন করতে পারছেন না। কেন অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে এবং কত দিন এ অবস্থা থাকবে, তা জানার চেষ্টা করছেন গ্রাহকেরা।
অ্যাকাউন্ট বন্ধ থাকা গ্রাহকদের নিবন্ধিত মুঠোফোন নম্বরে খুদে বার্তা (এসএমএস) পাঠানো হচ্ছে। বার্তায় বলা হচ্ছে, ‘স্যার/ম্যাডাম, এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’
গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকমের স্বত্বাধিকারী মোহাম্মদ হাফিজ খান মোল্লা বলেন, বৃহস্পতিবার সকাল থেকে বিকাশ, নগদ ও রকেটের অ্যাকাউন্ট বন্ধের সমস্যা নিয়ে অন্তত ৩০০ থেকে ৪০০ গ্রাহক তাঁর দোকানে এসেছেন। তাদের অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, আইন অনুযায়ী সন্দেহজনক যেকোনো লেনদেনকারীর হিসাব মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে পারে। তারই আলোকে সম্প্রতি গোপালগঞ্জ এলাকার কিছু হিসাবে স্বাভাবিকের চেয়ে বেশি সন্দেহজনক লেনদেন হওয়ায় এসব হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। এটি এমএফএস প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক প্রক্রিয়া।
বিদ্যুৎকেন্দ্রে হামলা না করার অনুরোধ
গোপালগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে হামলা না করতে স্থানীয় গ্রাহকদের অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।
সংস্থাটির ফেসবুক পেজে বলা হয়, দলমত-নির্বিশেষে গোপালগঞ্জের সব শ্রেণির বিদ্যুৎ গ্রাহকদের কাছে অনুরোধ, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের সঙ্গে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করবেন না। বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলার ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন গণমাধ্যমকে বলেন, ১৯ নভেম্বর শতাধিক ব্যক্তি কার্যালয়ের ভেতর ঢুকেছিল। যদিও ওই দিন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগামী দিনে যাতে বিদ্যুৎকেন্দ্রের কোনো ক্ষতি না করে, সে জন্য আগাম অনুরোধ করা হয়েছে। কেউ যাতে জরুরি সেবায় হামলা না করে। হামলা করলে সবার জন্য বিদ্যুৎসেবা বন্ধ হয়ে যাবে। এতে সবারই ক্ষতি হবে।
লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে ১৫ নভেম্বর গোপালগঞ্জে মহড়া দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগ। ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যানে (এপিসি) আগুন এবং পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন দলটির নেতা-কর্মীরা। এরপর বিএনপিদলীয় তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। তার পর থেকে ওই দুই থানার কার্যক্রম বন্ধ রয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর প্রসঙ্গে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করবে না। তবে জনগণের জানমাল রক্ষার প্রয়োজন হলে আইনানুগভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সরকার এ অবস্থান আগেই ঘোষণা করেছে। সরকার গণতান্ত্রিক আচরণ করবে বলে অঙ্গীকারবদ্ধ।