প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
ছবি: সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমরা কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না। সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় হিমোফিলিয়া চিকিৎসা নির্দেশিকা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম ব্যাপক পরিসরে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হিমোফিলিয়া রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে।
তিনি বলেন, জনসংখ্যার তুলনায় চিকিৎসক কম থাকার পরও চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। এমনকি প্রত্যন্ত অঞ্চলেও তারা দায়িত্ব পালন করছেন। চিকিৎসকদের সহযোগিতায় সরকার স্বাস্থ্যসেবার সব পর্যায়ে সহায়তার হাত প্রসারিত করবে। চিকিৎসক ও নার্সের সংকট নিরসনে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আমিন লুতফুল কবিরের সভাপতিত্বে এতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এদিকে বৃহস্পতিাবর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে ‘ন্যাশনাল ভাস্কুলার ডে ২০২৬’ ও ‘হেলথ জার্নালিজম ওয়ার্কশপ’ উপলক্ষে আয়োজিত পৃথক গোলটেবিল আলোচনায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত জানান, জনবল সংকট নিরসনে ১০ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এর পরপরই আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও জানান, আগামী এক মাসের মধ্যে বিভিন্ন বিভাগে পড়ে থাকা পাঁচটি শিশু হাসপাতাল প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি দিয়ে চালু করা হবে। ১৩ তারিখ থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রম হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, সহউপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।