জেলা প্রশাসনের নথি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মিনিট আগে
ছবি: বাসস
গোপালগঞ্জে ধারাবাহিক সহিংস হামলায় প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান, তিনজন সংসদ সদস্যের বাসভবন, দুটি থানা, হাসপাতাল এবং সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কয়েক শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেলা প্রশাসনের সংকলিত একটি নথিতে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।
জেলা প্রশাসনের নথি অনুযায়ী, গত ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এসব সহিংস ঘটনা ঘটে। প্রতিবেদনে এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দায়ী করা হয়েছে।
নথির তথ্যানুযায়ী, সহিংসতাকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ১০টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং আরও ১৫টি গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেয়। হামলায় তিনজন সংসদ সদস্যের বাসভবন ক্ষতিগ্রস্ত হয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মালিকানাধীন অন্তত ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। এ ছাড়া দুটি থানা, একটি হাসপাতাল, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, ১৫ থেকে ২০টি বিএনপি কার্যালয় এবং ৮ থেকে ১০টি গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
নথিতে দেখা যায়, প্রথম সপ্তাহে বিচ্ছিন্ন ঘটনার পর ১৭ ও ১৯ নভেম্বর সহিংসতার মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। প্রথম ঘটনাটি ঘটে ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায়। সেখানে ব্যানার-ফেস্টুন ছেঁড়া, যুবদল কার্যালয়ে হামলা এবং পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। একই দিন সদর উপজেলায় পণ্যবাহী ট্রাক ও ইজিবাইকে অগ্নিসংযোগ, এপিবিএন সদস্যকে মারধর এবং কাশিয়ানীতে বাসে ভাঙচুর চালানো হয়।
পরবর্তীতে ১৫ নভেম্বর টুঙ্গিপাড়ায় বিএনপি কার্যালয়, বিএনপি নেতার বাড়ি-দোকান ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হয়। একই দিন সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল থেকে ‘শহিদ হাদি চত্বর’-এর নাম বদলে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা হয় এবং ১৬ নভেম্বর কোটালীপাড়ায় মিছিলে ককটেল নিক্ষেপ করা হয়।
সবচেয়ে ব্যাপক হামলার ঘটনা ঘটে ১৭ ও ১৯ নভেম্বর। ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা ও পুলিশের চারটি গাড়িতে আগুন দেওয়াসহ রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের বাড়িসহ আরও ছয়টি বাড়ি ভাঙচুর ও পোড়ানো হয়। ১৮ নভেম্বর এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে হামলা হয়।
এরপর ১৯ নভেম্বর মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংকের তিনটি শাখা এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িসহ বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে আগুন দেওয়া হয়। রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত চারটি সংখ্যালঘু পরিবারের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে শতাধিক ব্যক্তি হামলা ও লুটপাট চালায়। আতঙ্কগ্রস্ত এসব পরিবার এ ঘটনায় কোনো মামলা দায়ের করেনি। একই দিন কোটালীপাড়ায় বিএনপি নেতার বাড়ি-দোকান এবং সদরে মহাসড়কে গাড়ি ভাঙচুর, ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের মালিকানাধীন ‘আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ ও তার বাসভবনে আগুন দিয়ে লুটপাট করা হয়।
পরবর্তীতে ২৩ নভেম্বর সদরের লঞ্চঘাটে দোকানপাট ভাঙচুর ও সাব-রেজিস্ট্রি অফিসে হামলা চালানো হয়। নথির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫ নভেম্বর সদরের সাতপাড়া ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা ভাঙচুর করা হয়।
প্রশাসনের নথি অনুযায়ী, জেলার প্রতিটি উপজেলাই সহিংসতার শিকার হয়েছে। টুঙ্গিপাড়ায় প্রথম ও সর্বাধিক হামলার ঘটনা ঘটে এবং সদরে হাসপাতাল, সংসদ সদস্যের বাসভবন ও সরকারি দপ্তরসহ বিস্তৃত ক্ষয়ক্ষতি হয়।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। সেখানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৫ প্লাটুন, আনসারের ১৫ প্লাটুন এবং প্রায় ২ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে এবং এলাকায় ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে বলে বাসসের প্রতিবেদনে উল্লেখ করা হয়।