প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৪৮ মিনিট আগে
ছবি: সংগৃহীত
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের আগামী শনিবার থেকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আজ বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, “সাধারণ শ্রমিক থেকে মালিক সবাই নিরপেক্ষ একটা জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছে। একটা দ্রুততম সময়ের মধ্যে পোশাকশিল্পের শ্রমিকদের জন্য একটি সন্তোষজনক মজুরি ঘোষণা করা হয়েছে। এবার আপনারা কাজে যোগ দিন।”
তিনি আরও বলেন, “মজুরি বোর্ডের এই সিদ্ধান্ত শ্রমিক নেতৃবৃন্দ এবং মালিক পক্ষের সদস্যদের সদিচ্ছার কারণে সম্ভব হয়েছে। তাদের মধ্যে দেশপ্রেম আছে।”
শ্রমিক ও মালিকদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর বুধবার ভোর রাতে তৈরি পোশাক খাতে কর্মরতদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা ঘোষণা করেছে মজুরি বোর্ড।
কিন্তু নিম্নতম মজুরি নতুন করে নির্ধারণের পরও পনের দিনের বেশি সময় ধরে চলা শ্রমিকদের আন্দোলন থামেনি।
বৃহস্পতিবার সকালেও গাজীপুরে বিক্ষোভ করে শ্রমিকরা। তবে, পুলিশের বাধায় মহাসড়ক অবরোধ করতে পারেনি তারা।
এদিকে, যে কোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম এবং কক্সবাজারে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।