প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ মিনিট আগে
প্রতীকী ছবি
কেরানীগঞ্জের কালিবাড়ী রোড এলাকায় গ্যাস পাইপলাইনে অবৈধ পাইলিংয়ের কারণে লিকেজ (ছিদ্র) সৃষ্টি হয়েছে। সেখানে জরুরি মেরামতকাজের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ, জিনজিরাসহ আশপাশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেরানীগঞ্জের চুনকুটিয়ার কালিবাড়ী রোড এলাকায় ৮ ইঞ্চি ব্যাসের ও ১৫০ পিএসআইজি গ্যাস পাইপলাইনের ওপর অবৈধভাবে পাইলিং করার ফলে লিকেজের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে পাইপলাইনটির মেরামতকাজ চলছে।
এর ফলে দক্ষিণ কেরানীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকাজ শেষ হওয়া মাত্রই উল্লিখিত এলাকাগুলোতে যত দ্রুত সম্ভব গ্যাস সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।