কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি। ছবি: মন্ত্রণালয়
বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণ ওষুধ ও পাটজাত পণ্য আমদানি করতে মিসরের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ মো. হুমায়ুন কবির। একই সঙ্গে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহজতর করতে একটি যৌথ বিজনেস ফোরাম গঠন এবং ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের প্রস্তাব দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মিসরের সাবেক রাষ্ট্রপতি আনোয়ার এল সাদাতের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন, যা দুই দেশের দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিল। দুই দেশের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে নিয়মিত দ্বিপক্ষীয় রাজনৈতিক আলোচনা এবং উচ্চপর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার সম্ভাবনার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী মিসরকে বাংলাদেশ থেকে পাটজাত ও ওষুধ পণ্য আমদানির আহ্বান জানানোর পাশাপাশি যৌথ বিজনেস ফোরাম গঠন ও ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর জোর দেন।
বৈঠকে উভয় পক্ষ কৃষি, সার, শিক্ষা, জ্বালানি, সংস্কৃতি ও পর্যটন খাতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। এ ছাড়া তারা ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের বিষয়েও আলোচনা করেছেন।