বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ২০ মিনিট আগে
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি
যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৭ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
যুক্তরাজ্য সফরকালে ওয়েস্টমিনস্টার পার্লামেন্টে সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় কমিটির তদারকি এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার বিভিন্ন পদ্ধতি নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন তিনি।
সফরে যুক্তরাজ্য ও বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার তুলনামূলক পর্যালোচনা, দ্বিকক্ষ ও এককক্ষবিশিষ্ট সংসদের কাঠামো, সংসদ সদস্যদের দায়িত্ব ও ভূমিকা এবং আইন প্রণয়নের বিভিন্ন পর্যায়ে বিল যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে বৈঠকে সংসদীয় অধিবেশন পরিচালনা, সংসদীয় শৃঙ্খলা ও অধিকার সংরক্ষণ এবং বিতর্ক পরিচালনার পদ্ধতি নিয়ে মতবিনিময় করেন চিফ হুইপ।
এ সময় সংসদীয় প্রশ্ন, নোটিশ, জরুরি বক্তব্য, প্রস্তাব, রেজল্যুশন, পয়েন্ট অব অর্ডার ও সংসদীয় বিশেষাধিকার নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া হাউস অব কমন্সের কমিটি অন স্ট্যান্ডার্ডসের সদস্যদের সঙ্গে বৈঠকে সংসদীয় নৈতিকতা, সংসদ সদস্যদের আচরণবিধি ও সংসদীয় কমিটির কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন তিনি।
যুক্তরাজ্যের সিলেক্ট কমিটির কাঠামো, সরকারের কর্মকাণ্ডের ওপর সংসদীয় নজরদারি, তথ্য-প্রমাণ সংগ্রহ এবং কমিটির সুপারিশ বাস্তবায়নের কার্যকারিতা নিয়েও আলোচনা হয়।
সফরকালে যুক্তরাজ্যের সংসদে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার অধিবেশন এবং হাউস অব কমন্সের একটি কমিটির শুনানি পর্যবেক্ষণ করেন চিফ হুইপ।
পাশাপাশি যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সংসদ সদস্যদের গবেষণা ও প্রশাসনিক সহায়তা, পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ এবং সংসদীয় কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা হয়।
এ সময় হাউস অব কমন্স লাইব্রেরি পরিদর্শন করে সংসদ সদস্য ও কর্মকর্তাদের জন্য গবেষণা ও তথ্য সহায়তা কার্যক্রম সম্পর্কে ধারণা নেন প্রতিনিধিদলের সদস্যরা।
সফরের অংশ হিসেবে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব ও সদর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সিপিএর চলমান সহযোগিতা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংসদীয় সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফরের অভিজ্ঞতা বাংলাদেশের সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর করা, সংসদীয় কমিটির নজরদারি বাড়ানো এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ করে আইন প্রণয়ন প্রক্রিয়ায় অধিকতর যাচাই-বাছাই এবং সংসদ সদস্যদের গবেষণা ও তথ্যভিত্তিক কার্যক্রম জোরদারে যুক্তরাজ্যের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ রয়েছে।